২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সরকার বিমান ছিনতাই দমনে কঠোর নীতি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে

ফ্লাইট আইসি-৮১৪ ছিনতাই করে কান্দাহারে নিয়ে যাওয়ার প্রায় ছয় বছর পর ভারত সরকার বিমান ছিনতাই দমনে কঠোর নীতি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পার্থ মুখোপাধ্যায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2005, 05:48 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

নিরাপত্তা মন্ত্রণালয় সংক্রান্ত কমিটি এ নীতিটি অনুমোদন করেছে।

এ নীতির আওতায় এখন থেকে সরকার ছিনতাইকৃত বিমান লক্ষ্য করে গুলি চালাতে পারবে। তবে শর্ত হল, ছিনতাইকৃত বিমানটি আমেরিকায় সংঘটিত ৯/১১’র সন্ত্রাসী আক্রমণের মতো কোনও কাজে ব্যবহার করা হবে, এ ব্যাপারে নিশ্চিত হওয়ার পরই তা করা যাবে।

সরকারি সূত্রে জানা গেছে, এ নীতির আওতায় ছিনতাইকারীদের দাবির ব্যাপারে কোনও ধরনের আলোচনার বিষয়টিকে বাদ দেওয়া হয়েছে এবং স্পষ্ট উল্লেখ করা হয়েছে, কেবল প্রাণহানি ও বিস্ফোরণ এড়াতেই আলোচনা চালানো যেতে পারে।

বিমান ছিনতাইবিরোধী নীতিতে ছিনতাইকারীদের জন্যে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। ছিনতাইয়ের ঘটনার পরপরই যাতে সশস্ত্র হস্তক্ষেপের ব্যাপারে ত্বরিৎ পদক্ষেপ নেওয়া যায়, সেজন্যে অনুমতি সংক্রান্ত ব্যাপারে আমলাতান্ত্রিক জটিলতা এড়ানোর বিধানও ওই নীতিতে রাখা হয়েছে।

নীতিতে বলা হয়েছে, ছিনতাইকৃত বিমানটি গুলি করে ভূপাতিত করার সিদ্ধান্ত নেবে মন্ত্রিপরিষদ। এক্ষেত্রে সময়ের স্বল্পতা দেখা দিলে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী মিলে এ আদেশ দিতে পারবেন।

এদিকে সমর বিশেষজ্ঞরা নতুন ছিনতাই দমন নীতির কারণে দু’দলে বিভক্ত হয়ে পড়েছেন। তাদের কেউ কেউ বলছেন, ছয় বছর আগে কান্দাহারের বিমান ছিনাতাইয়ের ঘটনার সময় এ নীতি থাকলে ছিনতাইকারীদের সাথে আপোস করতে হত না এবং জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে পড়ত না।