২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর ও কুষ্টিয়ায় ক্রসফায়ারে ৩ চরমপন্থী সন্ত্রাসী নিহত

যশোর এবং কুষ্টিয়ায় রোববার ভোরে র‌্যাব ও পুলিশের ক্রসফায়ারে তিন চরমপন্থী সন্ত্রাসী নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2005, 08:34 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

বিডিনিউজের যশোর প্রতিনিধি জানায়, অভয়নগর উপজেলার বুনোরামপুর ব্রিক ফিল্ডে র‌্যাবের ক্রসফায়ারে বিপ্লবী কমিউনিস্ট পার্টির সামরিক কমান্ডার রাজু এবং হইজুম ওরফে আবুবকর ওরফে আমির ওরফে মজিবর নিহত হয়েছে।

রাজু অভয়নগর উপজেলার বাসুয়ারি গ্রামের সুলতান জোয়ার্দারের ছেলে। নিহত অপর চরমপন্থী হইজুমের বাড়ি খুলনার ফুলতলা উপজেলার পায়গ্রাম কসবা এলাকায়।

এলাকাবাসী সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে র‌্যাব ৬-এর সদস্যরা অভয়নগরের শংকরপাশা থেকে রাজু, হইজুম, আলম ও শাহীনকে গ্রেফতার করে।

নিহত রাজুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রেহী ও পাঁচটি হত্যা মামলাসহ প্রায় ডজন খানেক মামলা রয়েছে।

এছাড়া হইজুমের বিরুদ্ধে ফুলতলা বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমেদ হত্যা মামলায় ১০ বছরসহ আরও কয়েকটি মামলায় ৪২ বছর সাজা হয়।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে র‌্যাব সদস্যরা রাজু ও হইজুমকে নিয়ে তাদেরই স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধার করতে যায়।

এ সময় অভয়নগরের বুনোরামপুরের ইট ভাটার পাশে আগে থেকে ওঁৎ পেথে থাকা তাদের ক্যাডাররা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়।

র‌্যাবও পাল্টা গুলি চালায়।

এতে রাজু ও হইজুম ঘটনাস্থলেই নিহত হয়। র‌্যাব সদস্যরা একটি দেশি বন্দুক, একটি দেশি পিস্তল ও চার রাউণ্ড বন্দুকের গুলি উদ্ধার করেছে।

পুলিশ সূত্র জানায়, রাজুসহ ধৃত চারজন চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির (এমএল) সদস্য। এদের মধ্যে রাজু পার্টির যশোর অঞ্চলের সামরিক কমান্ডার। রাজু ও হইজুমের লাশ অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।

এদিকে বিডিনিউজ কুষ্টিয়া প্রতিনিধি জানায়, কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের খোর্দ্দবাখইল গ্রামের একটি মাঠে পুলিশের ক্রসফায়ারে চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা জামাল মন্ডল ওরফে জামাল (৩০) নিহত হয়েছে।

শনিবার জামালকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ গ্রেফতার করে।

তার বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় দু‘টি হত্যাসহ ছয়টি মামলা রয়েছে।