২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পুলিশের ক্রসফায়ারে চরমপন্থী নেতা নিহত

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের খোর্দ্দবাখইল গ্রামের একটি মাঠে রোববার ভোরে পুলিশের ক্রসফায়ারে চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা জামাল মন্ডল ওরফে জামাল (৩০) নিহত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2005, 10:39 AM

Updated : 26 Apr 2022, 05:59 PM

পুলিশ জানায়, শনিবার রাতে সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী চরমপন্থী নেতা জামালকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ গ্রেফতার করে।

তার বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় দু‘টি হত্যাসহ ছয়টি মামলা রয়েছে।

ব্যাপক জিজ্ঞাসাবাদের পর জামাল তার অস্ত্র ভাণ্ডার ও বাহিনীর ক্যাডারদের সম্পর্কে পুলিশকে তথ্য দেয়।

তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ রোববার রাতে তাকে সাথে নিয়ে অভিযানে বের হয়। ভোর রাত চারটার দিকে পুলিশ ওই গ্রামে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা জামালের সহযোগীরা তাদের ওপর গুলিবর্ষন করে।

পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে প্রায় আধা ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়।

গোলাগুলির এক পর্যায়ে জামাল পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টাকালে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি গানসহ বেশ কিছু গুলি উদ্ধার করেছে।