নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ৫
নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার ক্ষুদ্র নারায়ণপুর নামক স্থানে রোববার ভোর ৫টায় একটি ট্রাকের চাকা ফেটে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে পাঁচজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছে।
প্রত্যক্ষ্যদর্শী ও পুলিশ সূত্র জানায়, নওগাঁ থেকে রাজশাহীর মোহনপুরগামী ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৪-২২৪৭) চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হল-মোহসীন আলী (৪০), বাটুল মন্ডল (৪০), রইস উদ্দিন (৫০), খলিল (৪২), মনসুর আলী (৬০)। নিহত সকলের বাড়িই রাজশাহীর মোহনপুরে। তারা পান বিক্রি করে বাড়ি ফিরছিল।
আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
