বৈরী আবহাওয়ার কারণে খুলনায় আমন চাষ বিলম্বিত হওয়ার আশংকা
বৈরী আবহাওয়ার ফলে চলতি আমন মৌসুমে খুলনা জেলার এক লাখ সাত হাজার হেক্টর জমিতে নির্ধারিত আমন চাষ প্রলম্বিত হওয়ার আশংকা দেখা দিয়েছে।
মৌসুমের শুরুতে অতিবর্ষণে বীজতলায় পানি জমে নষ্ট হওয়ায় সময়মত চাষীদের বীজতলা তৈরি করতে না পারার কারণে এ অবস্থা দেখা দিয়েছে।
আবার চারা রোপণের সময় পানি সংকটের ফলে চাষের জমি তৈরিতেও কৃষকরা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি আমন মৌসুমে খুলনা জেলায় প্রায় এক লাখ সাত হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতোমধ্যে প্রায় তিন হাজার হেক্টর জমিতে চাষ সম্পন্ন হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে বাকি লক্ষ্যমাত্রা অর্জনে কিছুটা সময় লাগবে। মৌসুমের শুরুতে অতিবর্ষণে জেলার বিভিন্ন অঞ্চলে বীজতলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন এলাকায় বীজতলা তলিয়ে গেছে। পরবর্তীতে ধান চাষীরা নতুন করে বীজতলা তৈরি করতে বাধ্য হচ্ছে।
আবার বীজ রোপনের সম্ভাব্য সময় এগিয়ে এলে এবারও বিপত্তি ঘটেছে। এবার দেখা দিয়েছে পানির অভাব।
ফলে চাষীদের যান্ত্রিক সেচের সাহায্য নিতে হচ্ছে। এসব কারণে অন্যান্য বছরের তুলনায় আমন চাষ প্রলম্বিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আমন চাষীরা বিডিনিউজকে জানান, এ মৌসুমে আমন চাষে তাদের দ্বিগুণ অর্থ ব্যয় করতে হচ্ছে। কেননা প্রথমে বীজতলা নষ্ট ও পরে যান্ত্রিক সেচের ফলে আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তারা বলেন, জ্বালানি তেলের উচ্চ মূল্যের কারণে পর্যাপ্ত সেচ দেয়া সম্ভব হচ্ছে না। আগামি দিনগুলোতেও আবহাওয়া প্রতিকূলে থাকলে তাদের নিঃস্ব হয়ে যেতে হবে।
উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম বিডিনিউজকে জানান, বৈরী আবহাওয়ার কারণে আমন চাষে সময় লাগলেও কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।
