২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা ও পৌরসভাগুলোতেও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে

মহানগরীগুলোতে ভেজাল খাদ্যের বিরুদ্ধে পরিচালিত অভিযান সফল হওয়ার পর সরকার দেশের উপজেলা ও পৌরসভাগুলোতেও ভেজাল বিরোধী অভিযান কর্মসূচি সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2005, 09:40 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

এছাড়াও সরকার ঢাকা জেলার আওতাধীন বিভিন্ন থানায় উৎপাদিত কৃষিপণ্য, মাছ, সব্জি এবং ফল সংরক্ষণে কীটনাশক, বিভিন্ন রাসায়নিক ও বিষাক্ত পদার্থ ব্যবহার বন্ধের জন্যে সংশ্লিষ্ট থানার ওসির নেতৃত্বে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

যোগাযোগ মন্ত্রী ব্যরিস্টার নাজমুল হুদার সভাপতিত্বে শনিবার সচিবালয়ে অনুষ্ঠিত ঢাকা জেলায় সন্ত্রাস দমন ও আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাদের সমন্বিত উপায়ে কঠোরভাবে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বৈঠকে অন্যান্যের মধ্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান, আব্দুল মান্নান এমপি, এসএ খালেক এমপি, সালাহউদ্দিন আহমেদ এমপি, ঢাকা জেলার ডেপুটি কমিশনার এবং সিনিয়র পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।