বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
বাগেরহাটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশু (৭) ও অজ্ঞাতনামা এক মহিলা (৩৫) নিহত হয়েছে।
জেলার মোল্লারহাট উপজেলাধীন বাগেরহাট-মাওয়া সড়কের বোয়ালিয়া মোড়ে শনিবার বিকেল এবং সদর উপজেলাধীন খুলনা-বাগেরহাট সড়কের মাথাভাঙ্গা ব্রিজের কাছে শুক্রবার গভীর রাতে এ দুর্ঘটনাগুলো ঘটে। পুলিশ শনিবারের ঘাতক বাসটি আটক করেছে।
পুলিশ জানায়, শনিবার বিকেলে নিহত শিশুটির নাম লিজা আক্তার (৭)। সে দক্ষিণ গাড়ফা গ্রামের ওমান প্রবাসী গোলাম মোস্তফার কন্যা এবং স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। পুলিশ ঘাতক বাসটি (নং-গোপালগঞ্জ-জ-০৫০০১৮) আটক করেছে।
প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে রাস্তা পারাপারের সময় প্রথমে একটি মাইক্রোবাস এবং পরে একটি ট্রাক পরপর এক মহিলাকে পিষ্ট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মহিলার পরিচয় মেলেনি।
শনিবার দুপুরে বাগেরহাট মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
