ভারত ও নেপালের মাওবাদীদের খুঁজে বের করতে গোয়েন্দা সংস্থার প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ
এ বছরের নভেম্বরে ১৩তম সার্ক শীর্ষ সম্মেলনকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা কমিটি দেশে ভারত ও নেপালের মাওবাদীদের তৎপরতার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য পুলিশ, বিডিআর ও গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে।
শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা কমিটির এক বৈঠকে এ নির্দেশ দেয়া হয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থার প্রধানগণ এবং বিডিআরের মহাপরিচালকসহ বিভিন্ন সরকারি সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, বাংলাদেশের বামপন্থী কোনও দলের সাথে মাওবাদীদের যোগসূত্র রয়েছে কিনা সে ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্যও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
গোয়েন্দা সূত্র জানায়, দক্ষিণ এশিয়ার মাওবাদী গোষ্ঠীগুলো তাদের পরবর্তী কর্মসূচি ঠিক করতে এ বছর শেষের দিকে বাংলাদেশে একটি বৈঠক করবে।
এ কারণে কর্র্তৃপক্ষ বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছে। একই সাথে কর্তৃপক্ষ রাজশাহী ও অন্যান্য ভারতীয় সীমান্তবর্তী অঞ্চলে টহল জোরদার করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করে দিয়েছে।
সূত্র জানায়, ঢাকায় সফলভাবে দক্ষিণ এশীয় মাওবাদী দল ও সংগঠগুলোর সমন্বয় কমিটির (সিসিওএমপিওএসএ) ৪র্থ সম্মেলন আয়োজনের লক্ষ্যে এ অঞ্চলের মাওবাদীরা একটি বৈঠক করেছে।
দক্ষিণ এশিয়ার ১৭টি মাওবাদী সংগঠন ওই সম্মেলনে যোগ দিতে পারে বলে সূত্র জানায়।
সিরাজ সিকদার প্রতিষ্ঠিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (পিবিএসপি) দক্ষিণ এশীয় মাওবাদী দল ও সংগঠনগুলোর সমন্বয় কমিটির (সিসিওএমপিওএসএ) সদস্য সংগঠন। প্রতিষ্ঠাতা সিরাজ সিকদার ১৯৭৫ সালে এক বন্দুকযুদ্ধে নিহত হয়।
বাংলাদেশে বর্তমানে পাঁচটি মাওবাদী দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (মার্ক্স ও লেনিনবাদী), পিবিসিপি এম-এল (লাল পতাকা), পিবিসিপি এম-এল (জনযুদ্ধ), পিবিসিপি এম-এল সর্বহারা ও বিপ্লবী কমিউনিস্ট পার্টি সক্রিয় আছে।
এর আগে এ অঞ্চলের মাওবাদীরা ২০০৫ সালের এপ্রিলে নয়াদিল্লীতে ভারতের মাওবাদী কমিউনিস্ট পার্টির (সিপিআই-এম) ১৮তম কংগ্রেস যোগদানের সুবাদে বামপন্থী দলগুলোর নেতাদের সাথে একটি বৈঠক করে। বামপন্থী ওই দলগুলো বিভিন্ন দেশে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে।
সূত্র জানায়, বাংলাদেশকে মাওবাদী রাষ্ট্র ‘দ্বন্দ্বকরণ্য দেশম’ এ পরিণত করতে দেশে মাও সমর্থক বৃদ্ধির পরিকল্পনা হিসেবে তারা এখানে সিসিওএমপিওএসএ সম্মেলন আয়োজন করার সিদ্ধান্ত নেয়।
দক্ষিণ এশিয়ায় মাওবাদী ইআই দোরাদো বা ‘দ্বন্দ্বকরণ্য দেশম’ নেপাল-ভূটান থেকে উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, দক্ষিণ মধ্য প্রদেশ ও অন্ধ্র প্রদেশ, কর্ণাটক ও তামিলনাড়ৃু পর্যন্ত বিস্তৃত।
দ্বিতীয়ত, তামিলনাড়ু ও কর্ণাটকে তাদের নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করতে মাওবাদীরা তাদের কর্মকাণ্ড আরও জোরদার করার পরিকল্পনা করেছে। তারা বাংলাদেশেও তাদের লক্ষ্য অর্জনে পরিকল্পনা করছে। এই লক্ষ্য বাস্তবায়ন করতেই তারা চলতি বছরের শেষের দিকে মিলিত হতে পারে।
গোয়েন্দা সূত্র জানায়, ভারত ও নেপালের মাওবাদীদের সমন্বিত শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং তারা বাংলাদেশ ও ভূটানে তাদের বাহিনী গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে। এ অঞ্চলে মাওবাদীদের বর্তমানে ১৬ হাজার বিদ্রোহী, ৩২ হাজার মিলিশিয়া, ১৪ হাজার ক্যাডার, ৭০ হাজার সক্রিয় কর্মী ও ছয় লাখ সমর্থক রয়েছে।
