চলতি মৌসুমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দশ জেলায় দশ লাখ বেল পাট উৎপাদনের সম্ভাবনা
চলতি মৌসুমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দশ জেলা থেকে এবার দশ লাখ বেলেরও বেশি পাট পাওয়ার আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।
পাটের মৌসুমে তেমন বড় কোন প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় এবার এ অঞ্চলে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি জমিতে পাট চাষ হয়। পাটের উৎপাদনও গত কয়েক বছরের তুলনায় ভাল হয়েছে। কৃষক পাটের দামও পাচ্ছে মোটামুটি ভাল।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার মাঠে মাঠে এখন চলছে পাট কাটার ধুম। অন্যদিকে প্রতিদিনই বিভিন্ন বাজারে বিক্রির জন্য পাট উঠছে। যশোর অঞ্চলের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকরা পাট কাটা, জাগ দেওয়া (পঁচানো), আঁশ ছাড়ানো, শুকানো ও তা বাজারে নেওয়ার মতো প্রক্রিয়াজাত করতে ভীষণ ব্যস্ত।
কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, চলতি মৌসুমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দশ জেলায় ৮৪ হাজার দু’শ ৮০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। যা থেকে নয় লাখ ২৬ হাজার তিনশ’ বেল পাট উৎপাদন আশা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দশ জেলায় এক লাখ চার হাজারেরও বেশি হেক্টর জমিতে পাটের চাষ হয়। পাটের ফলনও ছিল এবার গত কয়েক বছরের তুলনায় অনেক ভাল। ফলে এবার পাটের উৎপাদন দশ লাখ বেল ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।
চলতি মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদফতর যশোর অঞ্চলের আওতাধীন যশোর জেলায় ১৩ হাজার ২শ’ ৮০, ঝিনাইদহে নয় হাজার ৩শ’ ৩৭, মাগুরায় ১৭ হাজার ৮শ’ ৯০, নড়াইলে ১০ হাজার ৯শ’ ৭৩, খুলনায় ৪শ’ ৮৭, বাগেরহাটে ৩শ’ ১০, সাতক্ষীরায় ৬ হাজার ৬শ’ ৯৮, কুষ্টিয়ায় ১৭ হাজার ৫শ’ চুয়াডাঙ্গায় ১৩ হাজার আটশ’ ৭৫ এবং মেহেরপুরে ১৩ হাজার ৮ শ’ ৫৭ হেক্টর জমিতে পাটের আবাদ হয়।
এবার আবাদকৃত পাটের ৯০ শতাংশেরও বেশি ছিল তোষা জাতীয় পাট। দেশী জাতের পাটের আবাদ হয়েছে খুবই কম।
ঝিকরগাছা অঞ্চলের পাটচাষীরা জানান, পাট কাটার পর জাগ (পঁচানো) দেয়ার জন্য এবার যথেষ্ট পানি পাওয়া যায়নি। ফলে পঁচা নোংরা পানিতে পাট জাগ দিতে বাধ্য হওয়ায় পাটের আঁশের রং বেশ কিছুটা নষ্ট হয়ে গেছে। রং ভাল হলে তারা পাটের দাম আরও বেশি পেতেন বলে জানান।
এদিকে গত তিন/চার সপ্তাহ ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন বাজারে পাট উঠতে শুরু করেছে। প্রথমদিকে পাটের দাম আটশ’ টাকার উপরে পেয়েছে কৃষক। কোন কোন বাজারে পাটের দাম হাজার টাকাও ছুঁয়ে যায়। তবে বেশি পরিমাণ পাট উঠতে শুরু করলে সময়ের সাথে সাথে খুব দ্রুত দাম নেমে এসেছে। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে কৃষকরা এখন সাড়ে ৫শ’ থেকে সাড়ে ৬শ’ টাকার বেশি পাটের দাম পাচ্ছেন না।
