জ্বালানি, পানি ও পর্যটন খাতে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে ঢাকা-বেইজিং
গ্যাস ও অন্যান্য জ্বালানির ব্যবহার, পানিসম্পদ ব্যবস্থাপনা ও পর্যটন খাতে দ’ুদেশের সহযোগিতা আরও বৃদ্ধি করতে বাংলাদেশ ও চীনের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে বলে আশা করা যাচ্ছে। আগামী ১৭ থেকে ২১ আগস্ট প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চীন সফরের সময় এসব চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন বৃহস্পতিবার সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, আমরা এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছি।
গত এপ্রিলে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও’র বাংলাদেশ সফরের সময় পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ব্যাপারে ঢাকা ও বেইজিং এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরের সময় ঢাকা পরমাণু শক্তি উৎপাদন এবং কৃষি ও ওষুধ খাতে এর ব্যবহারের ব্যাপারে চীনের সহযোগিতা চাইবে।
চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও’র আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চীন সফরে যাচ্ছেন। ওয়েন জিয়াবাও গত এপ্রিলের ৭ ও ৮ দু’দিন বাংলাদেশ সফরে আসেন।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন বলেন, বন্যা পূর্বাভাস ও পানি ব্যবস্থাপনার ব্যাপারেও বাংলাদেশ চীনের সাহায্য চাইবে।
