সিঙ্গাপুরে ১৪ আগস্ট পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক, ঢাকা যৌথ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করবে
বাংলাদেশ ও সিঙ্গাপুরের পররাষ্ট্র সচিব পর্যায়ে এই প্রথমবারের মতো বৈঠক আগামী ১৪ আগস্ট অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে বাংলাদেশ দুদেশের মধ্যে যৌথ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার ব্যাপারে জোর দেবে।
পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন বৃহস্পতিবার তার দফতরে সাংবাদিকদের বলেন, যৌথ বাণিজ্য চুক্তিতে সিঙ্গাপুর সম্মত হলে উভয় দেশের বাণিজ্য মন্ত্রণালয় সে বিষয়ে আলোচনায় বসবে।
দুই দিনের আলোচনায় ঢাকা প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন। গত ২০-২২ মার্চ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিঙ্গাপুর সফরের পর ফলোআপ আলোচনা হিসেবে এ বৈঠককে গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
২০০৪ সালের ২১-২৪ জুন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ঢাকা সফর করলে সেসময় দুদেশের মধ্যে বিনিয়োগ নিশ্চিতকরণ চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়াও দুদেশ এমএফএ টু এমএফএ আলোচনার ব্যাপারে একমত হয় এসময়।
হেমায়েত উদ্দিন জানান, বৈঠকের মাধ্যমে বাংলাদেশ আরো বেশি বিনিয়োগের জন্যে সিঙ্গাপুরকে আহবান জানাবে। এছাড়াও আলোচনায় উভয় দেশের মধ্যে সংশ্লিষ্ট সকল বিষয়েই আলোচনা হবে। এর মধ্যে রয়েছে, বাণিজ্য, বিনিয়োগ, ভিসা পদ্ধতি সহজীকরণ, এবং বৈধ পন্থায় আরো বেশি জনশক্তি রপ্তানি।
হেমায়েত উদ্দিন জানান, বাংলাদেশী ছাত্রদের আরো বেশি স্কলারশীপের মাধ্যমে সিঙ্গাপুর উচ্চ শিক্ষার জন্যে ছাত্রদের ভিসা প্রাপ্তির সুযোগের বিষয়টিও গুরুত্বের সাথে আলোচনা করবে।
