সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ, স্মারকলিপি পেশ (আপডেট)
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
বিডিনিউজ-এর বরিশাল প্রতিনিধি জানান, সাংবাদিকরা স্থানীয় অশ্বিনী কুমার হল চত্বরে সাংবাদিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।
বরিশাল, পটুয়াখালীর বাউফল ও ভোলার বোরহানউদ্দিনে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বরিশাল রিপোর্টার্স ইউনিটি এ কর্মসূচি আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মীর মনিরুজ্জামান।
এতে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন স্থানীয় সাংবাদিক ইউনিয়নের সভাপতি অরূপ তালুকদার, সাধারণ সম্পাদক তৌফিক মারুফ, সাবেক সভাপতি মিন্টু বসু, ইউনিটির সাবেক সভাপতি আনিছুর রহমান স্বপন, তপন বসু, আহ্সানউল্লাহ, শাকিল আহমেদ বাচ্চু এবং স্বপন খন্দকার। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বরগুনা প্রতিনিধি জানান, সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বরগুনা প্রেসক্লাব প্রধানমন্ত্রী, স্পিকার, তথ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি পেশ করেছে। স্মারকলিপিতে বাউফলে বিএনপি দলীয় সাংসদ শহিদুল ইসলাম তালুকদার এবং রূপগঞ্জে আওয়ামী লীগের সাবেক সাংসদ কেএম সফিক উল্লাহর সন্ত্রাসী বাহিনী কর্তৃক সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবি জানানো হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আনোয়ার হোসেন মনোয়ার, চিত্তরঞ্জন শীল, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, হসানুর রহমান ঝন্টু প্রমুখ।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সাংবাদিকরা সমাবেশ ও বিক্ষোভ মিছিল অয়োজন করে।
মানিকগঞ্জ প্রেসক্লাব ও জেলা সাংবাদিক সমিতি আয়োজিত একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। প্রেসক্লাবের সভাপতি আফম নুরতাজ আলম বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার, সাংবাদিক সমিতির আহবায়ক, কমিটির সদস্য সচিব কল্যাণ সাহা প্রমুখ।
