২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ রক্ষায় ক্র্যাশ প্রোগ্রাম নেওয়া না হলে ২০৩০--এর মধ্যে ঢাকা মহানগরী পরিত্যক্ত হয়ে যাবে: তরিকুল

বন ও পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলাম বলেছেন, ২০৩০ সালের মধ্যে ঢাকা মহানগরীতে লোক সংখ্যা হবে ২ কোটি ৫০ লাখ। পরিবেশ রক্ষায় ক্র্যাশ প্রোগ্রাম নেওয়া না হলে ওই সময় ঢাকার পরিবেশ মানুষ বসবাসের অনুপযোগী হয়ে যাবে। ফলে ঢাকা মহানগরীকে পরিত্যক্ত ঘোষণা করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2005, 02:48 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ অধিদপ্তর ‘স্থলভাগের কর্মকাণ্ড থেকে উপকুলীয় ও সামুদ্রিক পরিবেশ রক্ষায় জাতীয় কর্মপরিকল্পনা’ শীর্ষক এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন পরিবেশ সচিব জাফর আহমেদ চৌধুরী।

এতে আরও বক্তব্য রাখেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক খান ইব্রাহিম হোসেন। খসড়া কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন পরিচালক (কারিগরি) রিয়াজউদ্দিন আহমেদ।

তরিকুল ইসলাম বলেন, উন্নত দেশগুলোই ৯৭ শতাংশ পরিবেশ বিপন্ন করছে। প্রতিবেশী দেশ ভারত ফারাক্কা বাঁধ দিয়ে বাংলাদেশের পরিবেশের ওপর আঘাত হেনেছে। যারা বিশ্বের পরিবেশ দূষিত করছে, তাদের কথা আন্তর্জাতিক অঙ্গনে জোরালোভাবে তুলে ধরতে হবে। এদের ব্যাপারে সকলকে একযোগে এগিয়ে আসতে হবে।

তিনি ভেজাল খাবার বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে পরিবেশবাদীরা কোনো কথা না বলায় তাদের সমালোচনা করেন। তিনি বলেন, কোথাও একটি গাছ কাটা হলে পরিবেশবাদীরা প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন। কিন্তু সারাদেশে ভেজালের নামে মানুষকে বিষ খাওয়ানো হচ্ছে, এ ব্যাপারে কারও কোনো শব্দ নেই। এটি দুঃখজনক।

মন্ত্রী বলেন, ঢাকার বাতাসে গ্যাস চেম্বার তৈরি হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ঢাকা থেকে ‘টু স্ট্রোক থ্রি হুইলার’ অটোরিকশা উঠিয়ে দিয়েছে। এতে ঢাকার পরিবেশ এখন মানুষের বসবাসের উপযোগী হয়ে উঠেছে। ফলে ঢাকায় বসবাসকারিদের পরিবেশজনিত রোগ থেকে প্রায় ২৫ কোটি ডলার রক্ষা পেয়েছে।

প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী বলেছেন, অপরিকল্পিতভাবে কীটনাশক ও রাসায়নিক সার প্রয়োগ এব চিংড়ি ও মাছের চাষ নদী ও উপকুলীয় এলাকায় মারাত্মকভাবে পরিবেশ দূষণ ঘটাচ্ছে। পাশাপাশি নদীতে জাহাজ ভাঙ্গার ফলে পরিবেশ আরও ক্ষতির শিকার হচ্ছে। সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।