কেরাণীগঞ্জে দুই যুবকের লাশ উদ্ধার
কেরাণীগঞ্জ থানা পুলিশ বুধবার রাতে সুভাড্যা ইউনিয়নের ঢাকা-মাওয়া লিঙ্ক রোডের নাজিদেরবাগ কালভার্টের নিচ থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে।
মৃত দুই যুবকের একজন সোহাগ (২২) ময়মনসিংহের কোতয়ালী থানার ভাটিবড়েরা গ্রামের মুসলেম উদ্দিনের পুত্র। অপরজন আইয়ুবের (৩০) বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার বৈলর গ্রামে।
থানা সূত্রে জানা যায়, রাজধানীর উত্তরা থেকে ট্রাক ড্রাইভার সোহাগ ও হেলপার আইয়ুবসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা একটি ট্রাক অপহরণ করে কেরাণীগঞ্জে নিয়ে আসে। এরপর তারা তাদের দু’জনকে হত্যা করে নাজিদেরবাগের কালভার্টের নিচে ফেলে রাখে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে কেরাণীগঞ্জ থানার সাথে যোগাযোগ করা হলেও তারা বিস্তারিত কিছু জানাতে পারেনি। তারা ট্রাকের নম্বর সরবরাহের ব্যাপারেও অপারগতা জানায়।
