২’শ টাকা উৎকোচের জন্য বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীকে পিটিয়ে জখম করেছে বিএসএফ
মাত্র ২০০ টাকা উৎকোচ দিতে না পারায় জামাল উদ্দিন (৩৭) নামে একজন বাংলাদেশী পাসপোর্টধারি যাত্রীকে বুধবার পিটিয়ে জখম করেছে বিএসএফ।
এ ঘটনায় তাৎক্ষনিকভাবে আতংক ছড়িয়ে পড়ে বাংলাদেশী পাসপোর্টধারি যাত্রীদের মধ্যে। বিডিআর জানায়, জামাল উদ্দিন গত ৩১ জুলাই বেনাপোল চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টে চিকিৎসার জন্য ভারতে যায়। ৯ দিন অবস্থানের পর বুধবার সকালে বাংলাদেশে ফেরত আসার সময় পেট্রাপোল বিএসএফ গেটে তার ব্যাগেজ তল্লাশী শুরু হয়। কোন কিছু না পেয়ে জামরুল সিং নামে একজন বিএসএফ সদস্য তার কাছে ২০০ টাকা উৎকোচ দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় জামাল উদ্দিনকে বিএসএফ ক্যাম্পে ধরে নিয়ে পিটিয়ে জখম করা হয়। জামালউদ্দিন পালিয়ে এসে বাংলাদেশে বিডিআরের কাছে তার ওপর নির্যাতনের ঘটনা বর্ণনা করলে বেনাপোল চেকপোস্ট বিডিআর জোয়ানরা বিএসএফ এর কাছে কড়া প্রতিবাদ জানায়।
এ ঘটনার পরপরই বেনাপোল চেকপোস্ট বিডিআর ক্যাম্পে বিএসএফ ও বিডিআরের মাঝে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ‘র পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ‘র চেকপোস্ট ক্যাম্প কমান্ডার শ্রী সুরেশ দাস। বিডিআর’র পক্ষে নেতৃত্ব দেন নায়েক সুবেদার আরিফ হোসেন। বৈঠকে এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনার জন্য বিএসএফ’র পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয় এবং সংশ্লিষ্ট বিএসএফ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেয়া হয়।
আহত জামাল উদ্দিনের বাড়ি চট্রগ্রামের হাটহাজারী থানার ফতেপুর গ্রামে।
এদিকে গত ৮ আগস্ট অনুরুপ ভাবে নুরুল ইসলাম (৩৮) নামে একজন বাংলাদেশী পাসপোর্ট যাত্রী উৎকোচ না দেয়ায় তাকেও ক্যাম্পে ধরে নিয়ে গিয়ে বিএসএফ পিটিয়ে জখম করে। যার পাসপোর্ট নং- আর-০৪৩০৪৪৬ । নির্যাতনের পর নুরুল ইসলামকে হরিদাসপুর ক্যাম্পে আটকে রাখা হয় সারারাত। পরে তাকে অবৈধ অনুপ্রবেশকারি হিসেবে চিহ্নিত করে জেল হাজতে প্রেরন করা হয়। নুরুল ইসলামের পিতা আঃ আউয়াল, বাড়ি ফেনী জেলার দাদনভূইয়ার উঃ শ্রীপুর গ্রামে।
ইদানীং বিএসএফ বাংলাদেশী বৈধ পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে উৎকোচ আদায়ের জন্য নানাভাবে হয়রাণি করে আসছে। বিএসএফ এর হয়রাণির ভয়ে অনেকেই বৈধ পাসপোর্ট যোগে স্থলপথে ভারতে যাওয়া এখন আর নিরাপদ মনে করছেন না।
