২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের জেলখানাগুলোতে সেবার মান শূন্য

কারা কর্মকর্তা ও কর্মচারিদের দুর্নীতি ও অবৈধ কার্যকলাপের কারণে দেশের জেলখানাগুলোর সেবার মান শূন্যে নেমে এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

কারা অধিদপ্তরের একটি সূত্র জানায়, কারাগারে সরবরাহ করা জিনিসপত্র চুরি করা ও ঘুষ খাওয়াটা তাদের অধিকার বলে মনে করে সেখানে নিয়োজিত কর্মচারিরা।

বন্দিদের জন্য পাঠানো খাবার, তাদের দেখতে আসা আত্মীয়-স্বজনদের কাছ থেকে নেয়া ঘুষ, চিকিৎসা খাতের টাকা লোপাটের মাধ্যমে এবং অন্যান্য খাতের প্রচুর বিপুল অর্থ কর্মকর্তা ও কর্মচারিদের পকেটে চলে যায় বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘুষ দেওয়ার পরও কারা হাসপাতালে সিট না পেয়ে সম্প্রতি কেন্দ্রীয় কারাগারের কয়েকজন বন্দি মিলে ওয়ার্ডেনদের মারধর করে।

জানা গেছে, ২০০৩-০৪ অর্থবছরে কারা অধিদপ্তরের মোট বাজেট বরাদ্দ ছিল ১৯৩ দশমিক ৫৪ কোটি টাকা। ২০০২-০৩ অর্থবছরে ছিল ২০২ দশমিক ২৭ কোটি টাকা। ২০০১-০২ সালে ১৫৯ দশমিক ৮৬ কোটি ও ২০০০-০১ সালে ১৫১ দশমিক ৯২ কোটি টাকার বাজেট বরাদ্দ ছিল।

চলতি অর্থ বছরের জন্য প্রস্তাবিত বরাদ্দ ১৮৯ দশমিক ৭৪ কোটি টাকা।

সূত্র আরও জানায়, কারা অধিদপ্তরের মোট বাজেটের অর্ধেক ব্যয় হয় খাদ্য ও চিকিৎসা খাতে।

কারা অধিদপ্তরের একজন সাবেক মহাপরিদর্শক দুর্নীতির কথা স্বীকার করে বলেন, কারা অধিদপ্তরের একদল কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন ধরনের দুর্নীতিমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, কিছু কিছু ক্ষেত্রে সরবরাহকারীরা বাজার দরের চেয়ে বিভিন্ন জিনিসের দাম চার থেকে পাঁচগুণ পর্যন্ত বাড়িয়ে দিয়ে থাকে।

সূত্র জানায়, সম্প্রতি কারা কর্তৃপক্ষ সরবরাহকারীদের মানসম্মত জিনিসপত্র সরবরাহের জন্য বলেছে। তারা পরপর চারবার নিুমানের ঝোলা গুড় সরবরাহের কথা অস্বীকার  করে।

কারা অধিদপ্তরে খাদ্য সরবরাহ বাবদ সরকার ১৯৯৯-২০০০ সালে  ৬৫৪ দশমিক ৬৫ মিলিয়ন, ২০০০-০১ সালে ৭৮০ মিলিয়ন, ২০০১-০২ সালে ৭৫২ দশমিক ৮৬ মিলিয়ন, ২০০২-০৩ সালে ৮৭৮ দশমিক ১৫ মিলিয়ন এবং ২০০৩-০৪ সালে ৮২৬ দশমিক ০৭ মিলিয়ন টাকা খরচ করে।

এছাড়া চিকিৎসা খাতে সরকার ১৯৯৯-২০০০ সালে ১০৬ মিলিয়ন, ২০০০-০১ সালে ১১২ দশমিক ০৪ মিলিয়ন, ২০০১-০২ সালে ১০৮ দশমিক ২৯ মিলিয়ন, ২০০২-০৩ সালে ১০৪ দশমিক ৬৫ মিলিয়ন এবং ২০০৩-০৪ সালে ৮৩ দশমিক ৯৫ মিলিয়ন টাকা খরচ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক কারা অধিদপ্তরের একটি সূত্র জানায়, দেশের ৬৬ টি কারাগার বিভিন্ন দ্রব্য সরবরাহের জন্য প্রতিবছর ৮০ কোটি টাকার টেন্ডার ঘোষণা করে থাকে। নিুমানের দ্রব্য সরবরাহের কারণে উল্লেখযোগ্য পরিমাণ টাকার ক্ষতি হয়। নিুমানের দ্রব্যগুলো এক শ্রেণীর কারা কর্মকর্তার প্রশ্রয়ের মাধ্যমে কারাগারে আসে।

সূত্র আরও জানায়, প্রতিটি বন্দির জন্য ১৪৫ গ্রাম করে ডাল বরাদ্দ থাকলেও রান্নার পর ডাল খুঁজে পাওয়া যায় না।

 নতুন ২০ সেলের বিচারাধীন বন্দি নুর মোহাম্মদ (আসল নাম নয়) অভিযোগ করেন, তাদের পর্যাপ্ত খাদ্য ও বিশুদ্ধ খাবার পানি দেওয়া হয় না। অথচ কিছু প্রভাবশালী বন্দি কারাগারের সেলের ভিতরে কর্মকর্তাদের সহযোগিতায় রান্নাবান্না করেন।

সূত মতে, কারাগারের প্রতি বন্দির গত বছর চিকিৎসা বাবদ মাথাপিছু বরাদ্দ ছিল এক হাজার ১৮৪ টাকা। ১৯৯৯-২০০০ সালে মাথাপিছু চিকিৎসা বরাদ্দ ছিল এক হাজার ৭৭৮ টাকা। বরাদ্দকৃত এ টাকার খুব সামান্যই তাদের চিকিৎসার জন্য খরচ হয়ে থাকে।

সূত্র জানায়, ২০০৪ সালে কারা অধিদপ্তরের তিনজন উপ মহাপরিদর্শকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের চার্জ গঠন করা হয়। এছাড়া ২০০৩ সালে দুর্নীতির অভিযোগে এক হাজার ২৯৬ জন কর্মচারিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং একই অভিযোগে এক হাজারের বেশি কর্মচারিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

দেশের কারাগারগুলোতে বিভিন্ন মেয়াদের দণ্ডপ্রাপ্ত ২৫ হাজার বন্দি রয়েছে বলে জানা গেছে।