২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি’র নাটকীয় সিদ্ধান্ত: ফরিদপুর-১ উপনির্বাচনে শাহ জাফরকেই প্রার্থী করা হয়েছে

ক্ষমতাসীন চারদলীয় জোটের প্রধান শরিক দল বিএনপি বুধবার নাটকীয়ভাবে ৩০ আগস্ট অনুষ্ঠিতব্য ফরিদপুর--১ উপনির্বাচনের পূর্ব ঘোষিত প্রার্থী কাজী সিরাজকে সরিয়ে শাহ মোহাম্মদ আবু জাফরের নাম ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 07:49 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

আগস্টের ৪ তারিখ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে  অনুষ্ঠিত বৈঠকের পর বিএনপি’র সংসদীয় বোর্ড উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে কাজী সিরাজের নাম ঘোষণা করে। গত সংসদীয় নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করে সংসদ সদস্য হলেও সম্প্রতি তিনি (কাজী সিরাজ) বিএনপিতে যোগ দেন।

এদিকে দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষুদ্ধ শাহ মোহাম্মদ আবু জাফর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।   

বুধবার দুপুরে প্রধানমন্ত্রী খালেদা জিয়া কাজী সিরাজ ও শাহ আবু জাফরকে তার কার্যালয়ে ডেকে পাঠালে রাজধানী ঢাকা ও ফরিদপুরে উপনির্বাচনের প্রার্থী বদলের গুজব ছড়িয়ে পড়ে।

অন্যদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ায় শাহ আবু জাফর বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিকাল তিনটায় অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলন বাতিল করেন। 

অবশেষে সফল আলোচনা শেষে চার দলীয় জোট আগের সিদ্ধান্ত পরিবর্তন করে উপনির্বাচনে নতুন প্রার্থী হিসেবে শাহ আবু জাফরের নাম ঘোষণা করে।

কাজী সিরাজ গত জুন মাসের চার তারিখে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়ায় ফরিদপুর-১ আসনটি ফাঁকা হয়। 

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ উপনির্বাচনে অংশ নিচ্ছে না।