২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে জমি দখলের ব্যর্থ চেষ্টা, হাইকোর্টে রিট, জেলা প্রশাসকসহ ৬ জনের বিরুদ্ধে কারণ দর্শানোর নির্দেশ

মাদারীপুর সদর উপজেলার উত্তর পাঁচখোলা গ্রামের একটি কুচক্রি মহল স্থানীয় প্রশাসনের মদদে পরিত্যক্ত সম্পত্তি বন্দোবস্তের পাশাপাশি জনৈক আবদুল মালেক মাতুব্বরের দখলে থাকা জমি জোরপূর্বক দখল, তাকে দখলমুক্ত করে উচ্ছেদের চেষ্টায় হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 09:48 AM

Updated : 26 Apr 2022, 05:58 PM

সূত্র জানায়, আব্দুল মালেক মাতুব্বর নিরুপায় হয়ে এ রিট পিটিশন দাখিল করলে হাইকোর্ট উচ্ছেদ নোটিশের প্রেক্ষিতে মাদারীপুর জেলা প্রশাসক, সদর থানা নির্বাহী কর্মকর্তাসহ ছয়জনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে আগামী দুই মাসের জন্য উচ্ছেদ কার্যক্রম স্থগিতাদেশ দেয়। তারপরও কুচক্রি মহলের বিভিন্ন প্রকার হয়রানির শিকার হচ্ছেন আব্দুল মালেক।

মঙ্গলবার বিকাল পাঁচটায় মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে আব্দুল মালেক লিখিতভাবে এ অভিযোগ করেন।

অভিযোগে জানা যায়, তিনি ও তার আত্মীয় আব্দুল রাজ্জাক উত্তর পাঁচখোলা গ্রামের এক দশমিক ৫১ শতাংশ জমি খরিদ করে দীর্ঘ ৩০/৩৫ বছর ভোগ দখলে আছে। কিন্তু একই গ্রামের জনৈক আবদুল লতিফ ফকির ও তার লোকজন আব্দুল মালেকের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে ব্যর্থ হয়।

কিন্তু মাদারীপুর সদর থানা নির্বাহী কর্মকর্তার যোগসাজসে সদর থানা নির্বাহী কর্মকর্তা গত ২৫ মে আব্দুল মালেককে জমি থেকে তার দখল উচ্ছেদের নোটিশ প্রদান করে।

এর ফলে আব্দুল মালেক হাইকোর্টে জোরপূর্বক দখল, উচ্ছেদের ব্যাপারে একটি রিট পিটিশন দাখিল করে।

হাইকোর্ট জেলা প্রশাসক, সদর নির্বাহী কর্মকর্তাসহ ছয়জনকে শোকজ করে আগামী দুই মাসের জন্য ওই দখল উচ্ছেদের নোটিশের কার্যকারিতা স্থগিত রাখার আদেশ দেয়।

এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ আব্দুল মালেকসহ তার আত্মীয়-স্বজনের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করে হয়রানি করছে।