শিক্ষক সংকটে খুলনা বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম ব্যাহত
সরকার প্রাথমিক শিক্ষা উন্নয়নে উপবৃত্তিসহ বিভিন্ন ব্যয়বহুল প্রকল্প চালু করলেও শিক্ষক সংকটের কারণে খুলনা বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার মানোন্নয়নে সরকারের গৃহীত ব্যয়বহুল প্রকল্পগুলো আশানরূপ ফল দিচ্ছে না বলে শিক্ষকরা জানিয়েছেন।
বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে খুলনা বিভাগের ১০ জেলায় চার হাজার তিনশ’ ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। কিন্তু বিদ্যালয়গুলোতে বেশ কিছু দিন ধরে বিদ্যালয়গুলোতে এক হাজার ১১টি সহকারি শিক্ষক এবং দুশ’ ৯৯টি প্রধান শিক্ষকের পদ শূণ্য রয়েছে। শূণ্য সহকারি শিক্ষক পদের মধ্যে ১৫টি নতুন করে সৃষ্ট। বাকিগুলো অনুমোদিত পদ।
সূত্র জানায়, ১০ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট অনুমোদিত পদের সংখ্যা সহকারি শিক্ষক ১৪ হাজার চারশ’ ৭২ এবং প্রধান শিক্ষকের পদ চার হাজার তিনশ‘ ১২টি। এরমধ্যে ১৩ হাজার ৪শ‘ ৭৩ জন সহকারি শিক্ষক এবং ৪ হাজার ১৩ জন প্রধান শিক্ষক কর্মরত রয়েছেন। এছাড়া নতুন করে সৃষ্ট তিনশ’ দুটি সহকারি শিক্ষক পদের বিপরীতে কর্মরত রয়েছে দুশ’ ৮৭ জন শিক্ষক। বাকি পদগুলো দীর্ঘদিন ধরে শূণ্য রয়েছে।
জেলা ভিত্তিক শূণ্য পদগুলো হল সহকারি শিক্ষক ও প্রধান শিক্ষক পদে যথাক্রমে খুলনায় ১৫৯ ও ৫৬টি, বাগেরহাটে ১০০ ও ২৯ , সাতক্ষীরায় ১১৯ ও ৩৬ , যশোরে ১৮৪ ও ৩৬, ঝিনাইদহে ১১৭ ও ৪৭, মাগুরায় ৭৭ ও ২৬ , কুষ্টিয়ায় ৬৬ ও ১৮, চুয়াডাঙ্গায় ৭১ ও ২১, নড়াইলে ৭১ ও ১৫ ও মেহেরপুরে ৩৫ ও ৫টি।
শিক্ষক সংকটের ব্যাপারে খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালক ডঃ মোহাম্মদ তাজউদ্দিন বিডিনিউজকে বলেন, শিক্ষক সংকটে শিক্ষা কার্যক্রম বাধাগস্ত হওয়াটাই স্বাভাবিক। তবে এ সমস্যা সমাধানে ইতোমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। দ্রুত এ সমস্যার সমাধান হবে বলে আশা করা যাচ্ছে।
