আগামী দিনের জুয়েল তৈরি করে চলছে লিটল জুয়েলস : শিক্ষামন্ত্রী
লিটল জুয়েলস স্কুলের শিক্ষার্থীরা সোমবার স্কুলের সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে জাতীয় জাদুঘরে সমবেত হয়েছিল। উৎসবে আগত স্কুলের বর্তমান ও সাবেক ছাত্ররা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়সহ উচ্ছল আনন্দে মাতোয়ারা হয়ে পড়ে। এ সময়ে স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আনোয়ারি কবির এবং শিক্ষকদের সঙ্গেও তারা আনন্দঘন পরিবেশে মেতে ওঠে।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক। উৎসবে আগত বিপুল সংখ্যক সাবেক ছাত্র, যারা ইতোমধ্যেই সমাজে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে দেখে তিনি বিস্ময় প্রকাশ করেন।
শিক্ষামন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, দেশে ইংলিশ মিডিয়াম স্কুলের সংখ্যা ৬’শরও বেশি। কিন্তু তাদের মধ্যে খুব কম সংখ্যক স্কুলই প্রচলিত সংস্কৃতির সঙ্গে তাল মিলিয়ে তাদের শিক্ষা পদ্ধতি নির্ধারণ করে। এক্ষেত্রে লিটল জুয়েলস স্কুলের নাম উল্লেখ করা যায়। স্কুলটি প্রচলিত সংস্কৃতির সঙ্গে তাল মিলিয়ে তাদের শিক্ষাপদ্ধতি প্রণয়ন করে।
তিনি বলেন, লিটল জুয়েলস আগামী দিনের রতœ তৈরির কারিগর। মন্ত্রী আশা প্রকাশ করেন স্কুলটি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আনোয়ারি কবিরের সভাপতিত্বে সুবর্ণ জয়ন্তী উৎসবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লিটল জুয়েলস স্কুল এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ. মতিন চৌধুরী, সহসভাপতি এবং সাবেক ছাত্রী সোনিয়া ইমরান, এলামনাই নেতা শাকিল কাশেম এবং ড. নাশিদ কামাল।
১৯৫৫ সালের ৮ আগস্ট ঢাকায় এই কিণ্ডারগার্ডেন স্কুলটি প্রতিষ্ঠা করা হয়।
আনোয়ারি কবির অত্যন্ত দক্ষতা ও দৃঢ়তার মাধ্যমে লিটল জুয়েলস নার্সারি ইনফ্যান্ট এবং জুনিয়র স্কুল প্রতিষ্ঠা করেন। মাত্র ৬৫ জন ছাত্র-ছাত্রী এবং সাত জন শিক্ষক নিয়ে এই ইংলিশ মিডিয়াম স্কুলটি চালু হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে স্কুলটিতে বাংলা মিডিয়াম চালু করা হয়। কিন্তু পরে ১৯৯০ সালে ১১৫ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক নিয়ে পুনরায় ইংলিশ সেকশন চালু করা হয়।
বর্ণীল সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আগত সাবেক শিক্ষার্থীরা ক্ষণিকের জন্য হারিয়ে যায় তাদের সেই দুরন্ত দিনগুলোতে। উৎসবে ছাত্র-ছাত্রীরা বাংলা গান ও নাচ পরিবেশন করে। এছাড়াও তারা আরব্য রজনীর একটি স্কিট পরিবেশণ করে।
উৎসবে সবচেয়ে মজার এবং বিস্ময়কর পর্বটি ছিল শিক্ষকদের ফ্যাশন শো। নাশিদ কামাল একটি জনপ্রিয় বাংলা গান পরিবেশন করেন। স্কুলের সাবেক ছাত্র এবং ফিডব্যাকের সদস্য পিয়ারু খান একটি বাংলা গান গেয়ে দর্শক শ্রোতাদের মাতিয়ে তোলেন।
স্কুলের উন্নয়নে নিরলস পরিশ্রমের জন্য উৎসবে শিক্ষক ও কর্মাচারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সবশেষে স্কুলের উদ্দেশ্যে নিবেদিত একটি গানের মাধ্যমে উৎসবের পর্দা নামে।
