নির্বাচন কমিশন সচিবালয়ের নতুন ভোটার তালিকা তৈরির প্রস্তুতি
আগামী ২০০৭ সালে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নতুন ভোটার তালিকা তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন সচিবালয় ।
নির্বাচন কমিশন সচিব এসএম জাকারিয়া সোমবার জানান, ব্যয় নির্ধারণের পর তারা খুব শিগগিরই অর্থ মন্ত্রণালয়ের কাছে এর জন্য তহবিল চেয়ে আবেদন করবে।
আগামী নির্বাচনের আগে এই কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ রোববার দুই নির্বাচন কমিশনারের মত উপেক্ষা করে নাটকীয়ভাবে নতুন ভোটার তালিকা তৈরির সিদ্ধান্ত নেন।
ভোটার তালিকার প্রস্তুতি নিয়ে কমিশনের দুই কমিশনার একে মোহাম্মদ আলী ও এমএম মুন্সেফ আলী নির্বাচনী অধ্যাদেশ ও নির্বাচনী বিধিমালা অনুযায়ী ভোটার তালিকা তৈরির পক্ষে মত দিয়েছিলেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, কয়েকদিনের মধ্যেই অর্থমন্ত্রণালয়ের কাছে ১৫০ কোটি টাকার তহবিলের জন্য আবেদন জানানো হবে। ২০০০ সালে ভোটার তালিকা তৈরির জন্য ৯৬ কোটি টাকা ব্যয় হয়েছিল।
নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রতি ভোটারের জন্য ১৫ টাকা করে ব্যয় হবে।
২০০০ সালের ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা ছিল সাত কোটি ৪৮ লাখ। তবে কমিশন আশা করছে, এবার এ সংখ্যা আরও প্রায় এক কোটি বৃদ্ধি পাবে।
