‘সাংবাদিক নির্যাতন, তথ্যসন্ত্রাস ও গণমাধ্যমের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা মঙ্গলবার
বাংলাদেশ আওয়ামী লীগ তথ্য ও গবেষণা উপ-কমিটির উদ্যোগে ‘সাংবাদিক নির্যাতন, তথ্যসন্ত্রাস ও গনমাধ্যমের স্বাধীনতা’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপিত করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
আলোচনায় অংশগ্রহণ করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, প্রবীন সাংবাদিক ওবায়েদ উল হক, কে জি মুস্তফা, বাংলাদেশে বার কাউন্সিলের সহ সভাপতি ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মাহবুবে আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোশতাক আহমেদ, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মকবুল হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহ আলমগীর, রিপোর্টাস ইউনিটির সভাপতি শফিকুল করিম সাবু প্রমুখ।
আলোচনায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির চেয়ারম্যান আবুল মাল আব্দুল মুহিত।
