প্রতারণা ও ডাকাতি করে পালানোর সময় শিশু হত্যা
জ্বিনের আসর বসানোর নামে ডাকাতি করে পালানোর সময় তিন বছরের এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ডাকাতদের দেওয়া ঘুমের ঔষধ মেশানো পানি ও মিষ্টি খেয়ে সংজ্ঞাহীন হয়ে আছে একই পরিবারের নয় জন। নারায়নগঞ্জ সদর থানার শরীয়তপুরে রোববার রাতে এ ঘটনা ঘটেছে।
অসুস্থদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, শহরের পাকাসড়ক ফকির বাড়ী এলাকার নুরুল ইসলামের(৬৫) বাড়ি থেকে মালামাল নিয়ে ডাকাতদের পালানোর ঘটনা দেখে ফেলায় শিশুটিকে হত্যা করা হয়। নিহত শিশুর নাম নজমুল।
নুরুল ইলামের পুত্রবধূ আকলিমা এবং এলাকাবাসীরা জানায়, তাদের বাড়িতে পাঁচ-ছয়দিন আগে একজন মহিলা ও দুজন যুবক নতুন ভাড়াটিয়া হিসেবে আসে। দুদিন আগে তারা নুরুল ইসলামকে জানায়, তারা জ্বিনের আসর বসাতে পারে। নুরুল ইসলামের আগ্রহের প্রেক্ষিতে রোববার রাতে তার বাড়িতে কথিত জ্বিনের আসর বসে।
রাত বারটার দিকে আসর শেষে পুত্রবধূ আকলিমা ও শ্যালক পুত্র নজমুল ছাড়া বাড়ির সবাই তবারক হিসেবে ভাড়াটিয়াদের দেওয়া পানি ও মিষ্টি খায়। এরপর সকলের ঘুমে অচেতন ব্যাপারে নিশ্চিত হওয়ার পর ভাড়াটিয়ারা ঘরের মূল্যবান সামগ্রী নিয়ে পালানোর সময় শিশু নজমুল দেখে ফেলে।
এসময় নজমুল অন্যদের জাগানোর চেষ্টা করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে চলে যায়। সকালে প্রতিবেশীরা এসে নজমুলকে মৃত ও আকলিমা ছাড়া অন্যদের সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে।
পুলিশ নজমুলের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে সদর থানা সূত্র জানিয়েছে।
