২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার সিভিল অ্যাভিয়েশনের অসাধু কর্মকর্তাদের ছেঁড়া টিকিট বিক্রির ব্যবসা জমজমাট

জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে সিভিল অ্যাভিয়েশনের বেশ কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারি কনকোর্স হলে প্রবেশের ছেঁড়া টিকিট বিক্রি করে কৌশলে প্রতিমাসে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2005, 09:46 AM

Updated : 26 Apr 2022, 05:58 PM

এ ব্যাপারে সিভিল অ্যভিয়েশনের কিছু কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনকে হাত করে এই ছেঁড়া টিকিটের ব্যবসা দিব্যি চালিয়ে যাচ্ছে অসাধু এই চক্রটি।

সিভিল অ্যভিয়েশন সূত্রে জানা যায়, ১৯৯০ সালে কনকোর্স হল একটি বেসরকারি সংস্থাকে লিজ দেওয়া হয়। পরে সংস্থাটি চুক্তি অনুযায়ী যে পরিমাণ রাজস্ব আদায় করার কথা ছিল, সে পরিমাণ রাজস্ব আদায় করতে পারেনি। এরপর থেকে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ নিজেরাই কনকোর্স হলের টিকিট বিক্রির দায়িত্ব নেয়।

সিভিল অ্যাভিয়েশনের একটি সূত্র জানায়, জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে প্রতিদিন কমপক্ষে ৩/৪  হাজার দর্শণার্থী আসেন। টার্মিনাল ভবনের কনকোর্স হলের টিকিটের মূল্য সর্বনিু ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫০ টাকা পর্যন্ত।

দর্শণার্থীরা ভিতরে প্রবেশ করতে গেলে গেটেই সিভিল অ্যাভিয়েশনের কর্মচারিরা কৌশলে টিকিট রেখে দেন। যদি কোন দর্শণার্থী টিকিটের ব্যাপারে আপত্তি করে তখন তাকে টিকিটের অর্ধেক ছিড়ে দেওয়া হয়। পরে কাউন্টারের কর্মচারিরা ওই টিকিট বিক্রি করে। অনেক সময় টিকিটগুলো কয়েকবার হাত বদল হয়ে চলে যায় সিভিল অ্যাভিয়েশন কাউন্টারে।

জিয়া বিমান বন্দরের একাধিক সূত্র জানায়, বিমান বন্দরের সিভিল অ্যভিয়েশনের কিছু কর্মকর্তা ও কর্মচারির যোগসাজসে একটি চক্র ছেঁড়া টিকিট বিক্রি করে প্রতিমাসে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। প্রতিদিন তিনটি শিফটে দায়িত্ব পালনরত গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের হিস্যা দিয়েই তাদের চোখের সামনে সাহসের সাথে ব্যবসা করে যাচ্ছে এই চক্রটি। আর এদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে অন্য একটি গ্র“প। সিভিল অ্যাভিয়েশনের টিকিট কাউন্টারের ভিতরেই টাকা লেনদেন করা হয় বলে জানা যায়।

সম্প্রতি টাকার ভাগ-বাটোয়ারা নিয়েই সিভিল অ্যাভিয়েশনের দু’ কর্মকর্তা রুবেল ও জিল্লুর মধ্যে সংঘষের্র ঘটনা ঘটে।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ বিডিনিউজকে বলেন, ছেঁড়া টিকিট জালিয়াতি চক্রের তৎপরতা আগের তুলনায় অনেক গুন বৃদ্ধি পেয়েছে। মাঝে মধ্যে টিকিট জালিয়াতি চক্রের সদস্যদেরকে ধরে শাস্তি দেওয়ার পরও প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে।

সিভিল অ্যাভিয়েশনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আজাদ জহিরুল ইসলাম ছেঁড়া টিকিট জালিয়াতির ব্যাপারে সত্যতা স্বীকার করে বিডিনিউজকে বলেন, কয়েক বছর আগে কনকোর্স হল একটি বেসরকারি সংস্থার নিকট লিজ দেওয়া হয়েছিল। বর্তমানে সিভিল অ্যাভিয়েশনের সিকিউরিট বিভাগের লোকজন টিকিট বিক্রি করছে। তবে, কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারিরা টিকিট বিক্রি ও জালিয়াতির সঙ্গে জড়িত রয়েছে।