৩ দিনের সফর শেষে নটবরের ঢাকা ত্যাগ: স্থবিরাবস্থা ও অবিশ্বাসের অবসান
তিন দিনের সফর শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী নটবর সিং সোমবার ঢাকা ত্যাগ করেছেন। বিভিন্ন ইস্যুতে ভারত ও বাংলাদেশের মধ্যে ‘স্থবিরাস্থতার অবসান ঘটিয়ে এবং পারষ্পরিক সন্দেহ ও অবিশ্বাস দূর করে’ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের চেষ্টা ছিলো এ সফরের মূল লক্ষ্য।
ঢাকা ত্যাগ করার পূর্বে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নটবর সিং সাংবাদিকদের বলেন, এটি একটি ফলপ্রসূ সফর। সৌহার্দ্য এবং বন্ধুত্বের মধ্যে দিয়ে দুদেশের শীর্ষ পর্যায়ে আমরা পুনরায় যোগাযোগ প্রতিষ্ঠা করেছি ।
নটবরকে বিদায় জানাতে এসে বিমান বন্দরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান বলেন, আমি অতীত নিয়ে কোনও কথা বলতে চাই না এবং এটিই আমার একমাত্র কথা। আমি সবসময় ভবিষ্যতকে নিয়ে ভাবি। কারণ, আমরা আমাদের অতীত পরিবর্তন করতে পারবো না কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারি।
তিন দিনের সফরে নটবর সিং প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বুদ্ধিজীবীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও তিনি মুক্তিযুদ্ধ জাদুঘর এবং নোয়াখালীর জয়াগে গান্ধী আশ্রম পরিদর্শন করেন।
ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকার ২০০৪ সালে ক্ষমতায় আসার পর এটিই প্রথম কোনো মন্ত্রীর বাংলাদেশ সফর। দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নটবর বলেন, আমি স্বীকার করছি, গত ১৫ মাসে কোনো মন্ত্রী বাংলাদেশ সফরে আসেনি।
তবে আগামী দুতিন মাসের মধ্যে ভারতীয় পানি সম্পদ মন্ত্রী প্রিয় রঞ্জন দাশ মুন্সি, বাণিজ্য মন্ত্রী কামাল নাথ এবং খনিজ সম্পদ মন্ত্রী মনি শংকর আয়ার ঢাকা আসবেন বলে তিনি জানান।
নটবর সিং বলেন, আমরা আশা করছি, এ বছর শেষ হওয়ার আগেই বিভিন্ন ইস্যু নিয়ে যৌথ কমিশন আলোচনায় বসতে পারবে। ত্রিদেশীয় গ্যাস পাইপলাইন নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের প্রশংসা করেন তিনি।
বাংলাদেশে চমৎকার আতিথেয়তার জন্যে নটবর সিং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান, সরকার এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানান।
নটবর বলেন, দরকারি প্রায় সকল বিষয়েই আমরা কথা বলেছি এবং এমন আলোচনা আগামীতেও অব্যাহত থাকবে।
তিনি প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেওয়া মনমোহন সিংয়ের চিঠির কথা উল্লেখ করে বলেন, আমি ভারতের প্রধানমন্ত্রীর বার্তা খালেদা জিয়াকে পৌঁছে দিয়েছি এবং আশা করছি, প্রধানিমন্ত্রী বেগম খালেদা জিয়া সার্ক সম্মেলনের আগেই ভারত যাবেন। যদি তা সম্ভব নাও হয়, সার্ক সম্মেলনের পর তিনি ভারত সফরে আসবেন।
দু’বার স্থগিত হয়ে যাওয়া ১৩তম সার্ক সম্মেলন সম্পর্কে নটবর বলেন, ভারতের প্রধানমন্ত্রী এবং আমরা সবাই সার্ক সম্মেলন নিয়ে আশাবাদী। আমার মনে হয়, ঢাকার এ সম্মেলন একটি ঐতিহাসিক সম্মেলন হবে। এর আগে প্রথমবার সুনামির কারণে এবং পরে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি ও নেপালের রাজিৈনতিক অস্থিরতার কারণে সার্ক সম্মেলন স্থগিত হয়ে যায়।
দু’বার স্থগিত হয়ে যাওয়ার ব্যাপারে কোন দুঃখবোধ আছে কিনা, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই। আমরা যত দ্রুত সম্ভব সার্ক সম্মেলন চেয়েছিলাম। কিন্তু পরিস্থতির কারণে তা হয়নি।
বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে ভারত অনেক ছাড় দেবে, এমন এক মন্তব্য প্রসঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, না, ব্যাপরটা ঠিক এমন হয়। দু’দেশের সম্পর্ক উন্নয়নে আমরা একসাথে কাজ করবো এবং এটিই সংবাদ মাধ্যমের জন্যে বড় সংবাদ।
ভারত ও বাংলাদেশের মধ্যকার ছিটমহল বিনিময় সম্পর্কে সাংবদিকদের এক প্রশ্নের জবাবে নটবর সরাসরি বলেন, আমরা এ ব্যাপারটি নিয়েও আলোচনা করেছি। এটি একটি জটিল বিষয়। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেননি তিনি।
মোর্শেদ খান সাংবাদিকদের বলেন, আমাদের উভয়েরই এখন মনে হচ্ছে, কেন এর আগে পরষ্পরের সাথে এধরনের যোগাযোগ করলাম না।
মোর্শেদ খান বলেন, সামনাসামানি বসে আলোচনা করার চেয়ে ফলপ্রসূ আর কিছুই নেই। কাজেই চার চোখের এমন বৈঠক যেন নিয়মিত হয়, সে চেষ্টা করা হবে।
মোর্শেদ খান বলেন, ভারত ও বাংলাদেশ- আমরা উভয়েই এখন এমন পদক্ষেপ নেবো, যাতে সামনের দিকে এগিয়ে যাওযা যায়। এবং আজকের দিনের জন্যে এটিই প্রয়োজন।
মোর্শেদ খান বলেন, বাংলাদেশ ও ভারত চমৎকার বন্ধু হতে পারে। কারণ, আমাদের মাঝে কোনও কাশ্মীর নেই, নেই কোন পারমানবিক অস্ত্রের প্রতিযোগিতাও।
মোর্শেদ খান বলেন, আমার মনে কোনও সন্দেহ নেই যে, আমরা এখানকার জনগণের কল্যাণে কাজ করে যেতে পারবো।
ঢাকা ত্যাগের আগে নটবর সিং সকালে নোয়াখালীর গান্ধী আশ্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে নটবর বলেন, আশ্রমে সংরক্ষিত ছবি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসগুলোর সংরক্ষণে আমরা সহযোগিতা করবো।
নটবর বলেন, গান্ধী আশ্রম পরিদর্শন শেষে আমি একটি পরিশুদ্ধ আনন্দিত মন নিয়ে এসেছি। ১৯৪৬ সালে ৭৬ বছর বয়সে মহাত্মা গান্ধী নোয়াখালীসহ অন্যান্য স্থান পায়ে হেঁটে ভ্রমণ করেছিলেন।
মোর্শেদ খান বলেন, গান্ধী আশ্রমের ভ্রমণ আমাদের একটি কথাই আবার স্মরণ করিয়ে দিয়েছে, একজন মানুষ কীভাবে এত বড় পরিবর্তন আনতে পারেন। আমাদের বন্ধু নটবরের সফরও তেমনি বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে চমৎকার একটি পরিবর্তন এনে দিয়েছে।
