২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারের রত্না চা বাগান বন্ধ থাকায় বিপাকে পড়েছে শ্রমিকরা

মৌলভীবাজার জেলার নবগঠিত জুড়ি উপজেলার এফ রহমান টি কোম্পানির মালিকানাধীন রত্না চা বাগানের চা উৎপাদন ২০০৪ সালের ২১ ডিসেম্বর থেকে বন্ধ থাকায় শ্রমিকরা বিপাকে পড়েছে। চা বাগানের ফ্যাক্টরিসহ সবকটি বিভাগই এখন বন্ধ।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2005, 11:20 AM

Updated : 26 Apr 2022, 05:58 PM

এর ফলে চা বাগানের কর্মরত প্রায় এক হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে এবং তাদের ওপর নির্ভরশীল প্রায় সাত হাজার পোষ্য অনাহার, অর্ধাহার ও বিনা চিকিৎসায় দিনযাপন করছেন। বিনা চিকিৎসায় এবং অনাহারে ইতোমধ্যেই ১০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

এদিকে চা বাগানের ছায়া বৃক্ষ কেটে উজাড় করা হচ্ছে।

শ্রমিকরা বিডিনিউজকে জানান, তাদের বেতন ভাতা বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন অন্যান্য চা বাগানগুলোতে কাজের সন্ধানে ধর্না দিচ্ছে।

বাগান বন্ধ হয়ে যাওয়ার পর তারা এ ব্যাপারে বহুবার মালিক পক্ষের সাথে যোগাযোগ করে ব্যর্থ হয়েছে। বরং বাগানের মালিক পক্ষ সম্প্রতি ২৯ জন চা শ্রমিক এবং শ্রমিক নেতাকে আসামি করে যন্ত্রাংশ চুরি, সন্ত্রাস এবং বাগানের স্বাভাবিক কার্যক্রমে বাধা দানের অভিযোগ এনে দুইটি মামলা দায়ের করেছেন বলে শ্রমিকরা অভিযোগ করেছে।

এ অবস্থায় বাগানের হাজার হাজার শ্রমিক তাদের নিরাপত্তা, চিকিৎসা এবং খাদ্য--বস্ত্রের নিশ্চয়তার জন্য অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে পাশাপাশি তারা মানবাধিকার সংস্থাগুলোর কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন।