২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের সাথে কথা বলছেন না দুই নির্বাচন কমিশনার

সাংবাদিকদের সাথে কথা বলতে দুই নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অলিখিত নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশন সচিবালয়। এর ফলে গত কয়েক দিন ধরে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী ও মুন্সেফ আলী কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

সাংবাদিকরা কমিশনারদের সাথে দেখা করতে চাইলে তাদের ব্যক্তিগত সচিবদ্বয় প্রধান নির্বাচন কমিশনারের অনুমতি আনতে বলেন। এমনকি তাদের সাথে ফোনে কথা বলতেও বাধা হয়ে দাঁড়াচ্ছে ব্যক্তিগত সচিবদ্বয়।

কমিশনারদ্বয়ের ব্যক্তিগত সচিবরা একে উপরের নির্দেশ বলে উল্লেখ করে সাংবাদিকদের বলেন, কমিশনারের সাথে দেখা করতে হলে প্রধান নির্বাচন কমিশনারের অনুমতি নিয়ে আসুন।

নির্বাচন কমিশনার মোহাম্মদ আলীর ব্যক্তিগত সচিব আব্দুল হাফিজ সাংবাদিকদের বলেন, দয়া করে প্রধান নির্বাচন কমিশনারের ব্যক্তিগত সচিব মোস্তফা ফারুকের অনুমতি নিয়ে আসুন।

অপর কমিশনার মুন্সেফ আলীর ব্যক্তিগত সচিব আব্দুল মোতালেবও একই কথা বলেন।

মোহাম্মদ আলী বলেন, আমি জানি না, কেন তারা এমন করছে....সাংবাদিকদের আমার সাথে কথা বলতে বাধা দিচ্ছে....কর্মকর্তাদের ওপর আমার নিয়ন্ত্রণ নাই।

এ ব্যাপারে নির্বাচন কমিশন সচিব এসএম জাকারিয়াকে জিজ্ঞেস করা হলে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না বলে উল্লেখ করেন।

প্রধান নির্বাচন কমিশনার এ অভিযোগ অস্বীকার করে বলেন, তার কার্যালয় থেকে এ ধরণের কোনও নোটিশ দেয়া হয়নি।

সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণাকে কেন্দ্র করে গত কয়েকদিন থেকেই প্রধান নির্বাচন কমিশনার ও দুই নির্বাচন কমিশনারের মধ্যে øায়ু যুদ্ধ চলছে। 

এই দ্বন্দ্ব প্রকাশ রূপ নেয় যখন গত ২ আগস্ট নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী একটি বেসরকারি  টেলিভিশন চ্যানেলকে সাক্ষাতকার দিয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করেন। কিন্তু এর পরই প্রধান নির্বাচন কমিশন তড়িঘড়ি করে এক বৈঠক ডেকে ৬ সেপ্টেম্বর  ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেন। ইতোপূর্বে মোহাম্মদ আলী ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী ভোট গ্রহণের তারিখ ছিল ৪ সেপ্টেম্বর।

বিষয়টি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী পরস্পরকে দায়ী করে আসছিলেন।