হাসিনা-নটবর বৈঠক: আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবেশি দুই দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আলোচনার মাধ্যমে সকল দ্বিপক্ষীয় সমস্যার সমাধান করতে হবে।
রোববার দুপুরে সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী কে নটবর সিং সংসদে প্রধান বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার ধানমণ্ডির বাসভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। এসময় তারা প্রায় একঘন্টা ধরে বৈঠক করেন।
বৈঠক শেষে নটবর সিং অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন। তবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এসময় স্বল্পভাষীর পরিচয় দেন।
তাদের মধ্যে আলোচনার প্রধান বিষয় কী ছিল এবং বিরোধী দলের সংস্কার প্রস্তাবসহ অন্যান্য রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হযেছে কি-না, এ সংক্রান্ত প্রশ্নের জবাবে নটবর সিং বলেন, আমরা রাজিৈনতক বিষয় নিয়ে আলোচনা করিনি।
তবে বৈঠক সূত্র বিডিনিউজকে জানায়, আসন্ন নির্বাচন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্যে বিরোধী দলগুলোর সংস্কার দাবি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বৈঠকে উভয় দেশের বাণিজ্য সুবিধা নিয়েও আলোচনা হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দ্রুত গাড়িতে ওঠার মুহূর্তে তিনি সাংবাদিকদের বলেন, এটি ছিল চমৎকার একটি বৈঠক।
পরে সাংবাদিকদের ব্রিফিংকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, প্রতিবেশি দেশ ভারতের সাথে এটি ছিল প্রটোকল বৈঠক। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের সহযোগিতার জন্যে আমরা তাদের (ভারতকে) প্রতি কৃতজ্ঞতা জানিয়েছি।
তিনি আরও বলেন, আমরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে আলোচনা করেছি। এছাড়া গঙ্গার পানি বন্টন চুক্তি ও পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির জন্যে আমরা ভারতের সহযোগিতার কথা উল্লেখ করেছি।
নটবর সিংয়ের সফর নিয়ে তাদের কূটনৈতিক দৃষ্টিভঙ্গি এবং দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে শনিবার অনুষ্ঠিত বৈঠক সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাদের মধ্যে এসব বিষয় নিয়ে কোনও আলোচনা হয়নি।
আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বলেন, দুই প্রতিবেশি দেশের সম্পর্ক নিয়ে অভ্যন্তরীণ রাজনীতিতে কোনও ইস্যু তৈরি করা ঠিক হবে না। উভয় দেশ সচেষ্ট হলে যে কোনও সমস্যার সমাধান হবে।
তিনি বিডিনিউজকে বলেন, কোন দল সরকারে আছে এটি কোনও ব্যাপার নয়। প্রতিবেশি দেশের সঙ্গে সম্পর্ককে তার নির্ধারিত গতিতেই চলতে দেওয়া উচিত। প্রতিবেশিরা সচেষ্ট এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হলে সংলাপ ও আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান সম্ভব।
সাবের হোসেন বলেন, এ ব্যাপারে ১৯৯৭ সালে গঙ্গা পানি বন্টন চুক্তির উদাহরণ দেওয়া যায়। বর্তমান সম্পর্ক নিয়ে আমরা কোনও মন্তব্য করতে চাই না। তবে সরকারের জন্যে এ সফর একটি ভাল সুযোগ। তারা এর সুফল তুলে নিতে পারে।
তিনি বলেন, অর্থনৈতিক খাতে পরস্পরের মধ্যে সহযোগিতার চমৎকার সম্ভাবনা রয়েছে। আমরা ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী নটবর সিংয়ের সফরকে স্বাগত জানাই এবং আশা করি, সরকার এ সফর থেকে পাওয়া সুযোগের সদ্ব্যবহার করবে।
বৈঠকে অন্যান্যের মধ্যে ভারতীয় পররাষ্ট্র সচিব শ্যাম সরন ও ডেপুটি হাইকমিশনার এস চক্রবর্তি এবং জিল্লুর রহমান ও কাজী জাফর উল্লাহসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
