স্থল বন্দরের মাধ্যমে চিনি ও চাল আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার
নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখতে জাতীয় রাজস্ব বোর্ড দর্শনা, হিলি, সোনামসজিদ ও বেনাপোল স্থল বন্দরের মাধ্যমে চিনি এবং ভোমরা স্থল বন্দর দিয়ে চাল আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।
এসব বন্দর দিয়ে এখন আগের মতোই চাল ও চিনি আমদানি করা যাবে বলে রোববার রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জাতীয় রাজস্ব বোর্ড বেনাপোল স্থল বন্দরের মাধ্যমে আমদানিকৃত পণ্য সেলফ ক্লিয়ারেন্স পদ্ধতিতে আমদানি বা খালাস করা যাবে বলে যে ঘোষণা দিয়েছে আমদানিকারকরা তাকে স্বাগত জানিয়েছেন।
