খালেদা জিয়াকে ভারত সফরের আমন্ত্রণ
সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী কে নটবর সিং প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বলেছেন, ভারত বাংলাদেশের জন্য ক্ষতিকর কোনও নদী সংযোগ প্রকল্প চালু করবে না।
রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি খালেদা জিয়াকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের দেওয়া চিঠিটি হস্তান্তর করেন।
খালেদা জিয়া এই আমন্ত্রণপত্র গ্রহণ করে বলেন, সুবিধাজনক সময়ে তিনি ভারত সফর করবেন।
এ সময়ে নটবর সিং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানান, ভারত বাংলাদেশের আইসিটি ও কৃষি খাতের উন্নয়নে সহায়তা দেবে।
তিনি আরও জানান, নভেম্বরে রাজধানী ঢাকায় অনুষ্ঠিতব্য সার্ক সম্মেলনে যোগ দেওয়ার জন্য নির্ধারিত সফর ছাড়াও মনমোহন সিং বাংলাদেশ সফরের জন্য উন্মুখ হয়ে আছেন।
এছাড়াও আগামী মাসে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে উভয় দেশের প্রধানমন্ত্রী পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সাক্ষাৎকালে নটবর সিং বলেন, ভারতের পানি সম্পদ মন্ত্রী আগস্টের ৩০ তারিখে ঢাকা সফর করবেন এবং বাণিজ্যমন্ত্রী যে কোনও সময় বাংলাদেশ সফরে আসবেন।
এ সফর ও সফরকালে অনুষ্ঠিতব্য বৈঠকের মধ্য দিযে উভয় দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৈঠক শেষে নটবর সিং অপেক্ষমান সাংবাদিকদের বলেন, আমরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সার্ককে কীভাবে আরও জোরদার করা যায় তা নিয়ে আলোচনা করেছি।
তিনি বলেন,আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দেওয়া চিঠি হস্তান্তর করেছি এবং তিনি এই আমন্ত্রণ গ্রহণ করেছেন।
ভাারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান, অন্যান্য মন্ত্রী ও রাজনীতিবিদদের সঙ্গে আমার অত্যন্ত আন্তরিক বৈঠক হযেছে। এক সফরেই সকল সমস্যার সমাধান হবে না। তবে আশার বীজ বপন করা হয়েছে। আমাদের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ভবিষ্যতেও আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
