২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভয়াবহ বিদ্যুত সংকট: পিডিবি বলছে ঘাটতি মাত্র ৩৫০ মে.ও

সারাদেশে দ্বিতীয় দিনের মতো রোববার ভয়াবহ বিদ্যুত সংকট থাকলেও পিডিবি বলছে লোডশেডিং ছিলো মাত্র ৩৫০ মেগাওয়াট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

শনিবার পিক আওয়ারে হরিপুর (এইএস) ৩৬০ এবং টঙ্গি ১০৫ মে.ও. ক্ষমতার বিদ্যুত কেন্দ্র উৎপাদনের বাইরে থাকায় ঘাটতির পরিমাণ ছিল ১,০০০ মেগাওয়াটের উপরে। 

বিদ্যুত খাত সংশ্লিষ্টরা মনে করছেন, পিডিবি প্রকৃত চাহিদা আড়াল করে ঘাটতি কম দেখাচ্ছে। তাদের হিসেবে রোববার মোট চাহিদার পরিমাণ দাঁড়ায় ৩,৭৫০ মেগাওয়াট। এর বিপরীতে পিডিবি ৩,৪২৭ মেগাওয়াট উৎপাদন করতে পারে।

কিন্তু পাওয়ার সেক্টর মাস্টার প্লান অনুসারে ২০০৫ এর গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা ৪,৪৯৬ মেগাওয়াট। এ হিসেবে রোববার উৎপাদন ঘাটতির পরিমাণ ১,০৬৯ মেগাওয়াট।

এই তথ্য উল্লেখ্য করে পিডিবি‘র উৎপাদন সংশ্লিষ্ট একজন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, পিডিবি’র উৎপাদন ক্ষমতা ৫,০২৫ মেগাওয়াট। বর্তমানে ৮২৮ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুত কেন্দ্র ফোর্সড আউটেজ কিংবা রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ আছে। এই হিসেবে পিডিবির মোট উৎপাদন ক্ষমতা দাঁড়ায় ৪,২৫৫ মেগাওয়াট। কিন্তু স্থাপিত ক্ষমতার বিচারে বাকি ৭৭০ মেগাওয়াট জেনারেশন ক্ষমতার কি হলো এর কোনো উত্তর তিনি দিতে পারেননি।

পিডিবি চেয়ারম্যান আ ন হ আখতার হোসেনের বিডিনিউজকে বলেন, চাহিদা কমিয়ে দেখানোর অভিযোগ ঠিক নয়। কেননা শিল্প কারখানার গ্রাহকরা নিজস্ব উৎপাদন করা বিদ্যুতের উপর নির্ভর করে আমাদের সরবরাহ ব্যবস্থা থেকে বেরিয়ে যাচ্ছে। এতে করে চাহিদার পরিমাণ কম মনে হচ্ছে। অন্যদিকে আমাদের স্থাপিত ক্ষমতা ৫,০২৫ মেগাওয়াট হলেও নিশ্চিত উৎপাদন ক্ষমতা ৩,৪০০ মেগাওয়াটের বেশি নয়। কেন্দ্রগুলোর পুরোনো হয়ে পড়ায় পুরো ক্ষমতার চেয়ে উৎপাদন এমনিতেই ৭০০ - ৮০০ মেগাওয়াট কমে গেছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের ঘাটতি কেবলমাত্র পিক আওয়ারে। এটা মেটানোর জন্য যদি পিকিং জেনারেশন বাড়াতে হয় তা হলে পিডিবি আর্থিকভাবে টিকে থাকতে পারবে না। তিনি বলেন, ক্যাপটিভ জেনারেশনকে বিবেচনায় নিলে বর্তমানে দেশের বিদ্যুত চাহিদা ৫,০০০ মেগাওয়াট ছাড়িয়ে গেছে।

পিডিবি জনসংযোগ বিভাগ সূত্রে বলা হয়, শনিবার রাতে এইএস হরিপুর ৩৬০, রাউজান দুই ২১০, টঙ্গি ১০৫ মেগাওয়াট উৎপাদনে ফিরে এসেছে। রোববার রাতে ঘোড়াশাল (৬) ২১০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটিও উৎপাদনে ফিরে আসতে পারে। ফলে পরিস্থিতির আরো উন্নতি হওয়ার সম্ভাবনা আছে।

রোববার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দিনের বেলায় বিদ্যুত সরবরাহ বিঘিœত হওয়ার ব্যাপারে পিডিবি বলছে, এটা তাদের উৎপাদন ঘাটতি নয়, বিতরণ ব্যবস্থার সংকট।