পঞ্চগড়ে শিশু ধর্ষণ ও হত্যার মামলায় এক ব্যক্তির মৃত্যুদন্ড
পঞ্চগড়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে মোঃ মোজাম্মেল হোসেন (২২) নামে এক ব্যক্তিকে রোববার মৃত্যুদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোঃ হাবিবুর রহমান এই রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, ২০০৪ সালের ২৭ জুন জেলার তেঁতুলিয়া উপজেলার গড়িয়াগাছ গ্রামের পুর্ণ চন্দ্রের কন্যা সুফলা রানীকে (৫) এই গ্রামের রহিমউদ্দিনের পুত্র মোজাম্মেল হোসেন মুখ চেপে ধরে বাড়ির পাশ্ববর্তী আখ খেতে নিয়ে যায়। সেখানে ধর্ষণের পর তাকে গলা টিপে হত্যা করে। এ ঘটনায় ওই দিনই সুফলার চাচা শিশির চন্দ্র বাদি হয়ে মোজাম্মেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে মোজাম্মেলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত ১৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণের পর উপরোক্ত রায় প্রদান করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট আজাহারুল হক প্রধান এবং বিবাদী পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট মোহসিনা খাতুন।
