মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ ও মুক্তিযোদ্ধাদের সহায়তায় আগ্রহী ভারত
মুক্তিযুদ্ধকালে ভারতের সহযোগিতার বিষয়টি স্মরণ করে সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী নটবর সিং মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ এবং মুক্তিযোদ্ধাদের সহায়তায় আগ্রহ প্রকাশ করেছেন।
রাজধানীর সেগুনবাগিচায় রোববার মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনকালে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এ অভিমত প্রকাশ করেন। তিনি জাদুঘরের নতুন ভবনে আধুনিক প্রযুক্তিতে মুক্তিযুদ্ধের দলিলপত্র সংরক্ষণে সহযোগিতায় তার আগ্রহ ব্যক্ত করেন।
জাদুঘরের বিভিন্ন অংশ পরিদর্শন করে এবং বিভিন্ন সুযোগ সুবিধার সীমাবদ্ধতা দেখে এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আগ্রহ প্রকাশ করে বলেন, ভারত সম্ভাব্য সবদিক থেকে এ ব্যাপারে পাশে দাঁড়াবে।
তিনি বলেন, নতুন ভবনে জাদুঘর স্থানান্তরের উদ্যোগে আমরা সহযোগিতা করবো।
মুক্তিযুদ্ধকালের বিভিন্ন সংগ্রহ যথাযথভাবে প্রদর্শন এবং ওয়েবের মাধ্যমে বিশ্বব্যাপী এর প্রচারের ব্যাপারে নটবর সিং পরামর্শ দেন। মুক্তিযুদ্ধের বিভিন্ন সংগ্রহ মাইক্রোফিল্মে সংরক্ষণ করতে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথাও বলেন তিনি।
মুক্তিযোদ্ধার সন্তানদের জন্যে শিক্ষার সুযোগ এবং বৃত্তি প্রদানের ব্যাপারে তিনি আগ্রহ প্রকাশ করেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য এবং পুনর্বাসন সহায়তার ব্যাপারেও তিনি আগ্রহ প্রকাশ করেন।
নটবর সিং ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করে বলেন, পশ্চিম বঙ্গ এবং ত্রিপুরায় সেসময় দুদেশের জনগণ সব দুঃখ কষ্ট একসাথে নিয়ে পরষ্পরের কাছাকাছি চলে গিয়েছিল। তিনি মুক্তিযোদ্ধাদের অসম সাহসিকতার প্রশংসা করেন এবং সম্প্রতি প্রয়াত মুক্তিযুদ্ধের যৌথ বাহিনীর প্রধান লে. জেনারেল জগজিত সিং অরোরার প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন।
এর আগে তিনি এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি ‘শিখা চির অম্লানে’ পুষ্পস্তবক অর্পণ করেন।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহ, অধ্যাপক আনিসুজ্জামান, আলী যাকের, আসাদুজ্জামান নূর এমপি, সারা যাকের এবং ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. সারওয়ার আলী উপস্থিত ছিলেন।
