২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেজাল খাদ্য নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে সিটি করপোরেশন, পৌর সভা, ইউপিকে

স্থানীয় সরকারের অধীনে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদকে সমন্বিতভাবে ভেজাল খাদ্য নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2005, 05:20 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী আবদুল মান্নান ভুঁইয়া রোববার এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দপ্তরের গত এক বছরের উন্নয়নমূলক কাজের অগ্রগতি সংক্রান্ত পর্যালোচনা সভায় এ সংক্রান্ত নির্দেশ প্রদান করেন। স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় তিনি সভাপতিত্ব করেন।

মন্ত্রী বলেন, ভেজাল খাদ্য নিয়ন্ত্রণে আইন মন্ত্রণালয় পুরনো আইনের সংশোধন করে নতুন আইনের খসড়া তৈরি করেছে। আগামী সংসদ অধিবেশনে এটি পাশ হবে।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, খুলনা সিটি করপোরেশনের মেয়র তৈয়বুর রহমান, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মিজানুর রহমান মিনু এমপি, বরিশাল সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান এমপি, এলজিআরডি সচিব এএইচএম আবুল কাসেম, এলজিইডি’র প্রধান প্রকৌশলী শহিদুল হাসান, চট্ট্রগাম ও সিলেটের মেয়রের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা  উপস্থিত ছিলেন ।

সভায় নতুন সিটি করপোরেশনগুলোকে আরও শক্তিশালী করতে জনবল বাড়ানোর  বিষয়েও আলোচনা হয়।

মান্নান ভূঁইয়া উপস্থিত সিটি করপোরেশনের মেয়র ও তাদের প্রতিনিধিদের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের ব্যাপারে তাগিদ দেন এবং চলতি বছরের মধ্যে বকেয়া বিদ্যুৎ বিলের ৫০ ভাগ পরিশোধের জন্য অনুরোধ করেন।

উল্লেখ্য, ঢাকা সিটি করপোরেশনের ২৬ কোটি টাকা, চট্টগ্রামের ৪২ কোটি, রাজশাহী এবং বরিশালের নয় কোটি করে এবং সিলেটের ৮২ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। অবশ্য খুলনা সিটি কর্পোরেশনের কাছে বিদ্যুৎ বিভাগের কোন বকেয়া নাই।

স্থানীয় সরকার বিভাগ ২০০৪-০৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ১৩০টি প্রকল্প গ্রহন করে। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১২১ টি এবং কারিগরি সহায়তা প্রকল্প নয়টি ।

মোট ৪,১৫৭ কোটি টাকা প্রকল্পের কাজের বরাদ্দের তুলনায় ব্যয় ৯৬ দশমিক ৩৮ ভাগ।

সভায় চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী এই চার সিটি করপোরেশনে প্রকল্প বরাদ্দের তুলনায় ব্যয় ১০০ ভাগ হওয়ায় সস্তোষ প্রকাশ করা হয়।

ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ঢাকা মহানগরীকে জলাবদ্ধতার কবল থেকে রক্ষার জন্য ৯০টি ড্রেন পরিস্কার করা হয়েছে। তিনি বলেন, পর্যায়ক্রমে সকল ড্রেন পরিস্কার করার কার্যক্রম চলছে। এছাড়া রাস্তার পাশে অবৈধভাবে স্থাপিত বাজার ও দোকান উচ্ছেদ অভিযানও অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী চাকতাই খালের তলা পাকাকরণ সংক্রান্ত সংশোধিত প্রকল্পের পিপি দ্রুত অনুমোদনের জন্য অনুরোধ করেন।