পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন আগামী মার্চে
দেশের বৃহত্তম পদ্মা সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে ২০০৬ সালের মার্চে। যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনসহ প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার জন্যে যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শনিবার এক বৈঠকে যোগাযোগ মন্ত্রী এ নির্দেশ দেন। বৈঠকে যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড, বিশেষ করে পদ্মা সেতু বাস্তবায়ন, যমুনা সেতুর টোল আদায় ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
বৈঠকে জানানো হয়, প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা প্রকল্প ব্যয়ে পদ্মা সেতু নির্মাণে ইতোমধ্যে জেবিআইসি, জাপান সরকার, জাইকা, এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংকসহ বিভিন্ন দাতাদেশ, আর্থিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের কাছ থেকে অনুকূল সাড়া পাওয়া গেছে।
মুন্সীগঞ্জে যমুনা সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ৬ষ্ঠ চীন-বাংলাদেশ মৈত্রী সেতুর (মুক্তারপুর সেতু) নির্মাণ কাজের অগ্রগতিও বৈঠকে পর্যালোচনা করা হয়।
বৈঠকে জানানো হয়, যানবাহন চলাচল বাবদ যমুনা সেতু থেকে এ পর্যন্ত ৬শ ৮৪ কোটি টাকা টোল আদায় হয়েছে।
এসময় যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল ওহাব, যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ হাদিস উদ্দিনসহ উর্ধ্বতন প্রকৌশলী, প্রকল্প কর্মকর্তা ও মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
