ফরিদপুর-১ উপনির্বাচনের প্রার্থীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন
সুশীল সমাজের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন অবশেষে ফরিদপুর-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং তা জনসমক্ষে প্রকাশ করা সংক্রান্ত হাইকোর্টের আদেশ বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে।
নির্বাচন কমিশনার একে মোহাম্মদ আলী শুক্রবার বিডিনিউজকে বলেন, ইতোমধ্যেই আমরা রিটার্নিং অফিসারকে প্রার্থীদের তথ্য সংগ্রহ করে তা যথাযথ সময়ে কমিশনের পাঠানোর নির্দেশ দিয়েছি।
তিনি বলেন, অবশ্যই আমাদের এটা করা উচিত....আমরা জনগণের সম্ভাব্য প্রতিনিধিত্বকারী এসব ব্যক্তির খুঁটিনাটি তথ্য সংগ্রহ করব এবং জনগণ যাতে তাদের ভাবী প্রতিনিধি সম্পর্কে জানতে পারে সেজন্য তা জনসমক্ষে প্রকাশ করব।
সম্প্রতি একটি গোলটেবিল বৈঠকে সুশীল সমাজের প্রতিনিধিরা অভিযোগ করেন যে, প্রার্থীদের ব্যক্তিগত খুঁটিনাটি তথ্য সংগ্রহ করে তা জনসমক্ষে প্রকাশ করার জন্য হাইকোর্ট যে আদেশ দিয়েছেন নির্বাচন কমিশন তা লঙ্ঘণ করছে।
এ বছর ২২ জুন অনুষ্ঠিত হওয়া সুনামগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে নির্বাচন কমিশনের ব্যর্থতার ব্যাপারে তিনি বলেন, প্রকৃতপক্ষে আমরা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে এ ব্যাপারে নির্দেশ দিয়েছিলাম। কিন্তু তিনি যথাযথ সময়ে কমিশনে প্রার্থীদের তথ্য পাঠাতে ব্যর্থ হয়েছেন।
তিনি আরও বলেন, তবে এবার ফরিদপুর-১ আসনে উপনির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের বিস্তারিত তথ্য সংগ্রহ করে নির্ধারিত সময়ে তা কমিশনে পাঠানোর জন্য রিটার্নিং অফিসারকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
হাইকোর্ট এ বছর ২৪ মে নির্বাচন কমিশনকে সংসদীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ব্যক্তিগত সকল তথ্য সংগ্রহ করার নির্দেশ দিলেও কমিশন নরসিংদী ও সুনামগঞ্জ উপনির্বাচনে তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। ২০০৫ সালের ২২ জুন নরসিংদী উপনির্বাচন এবং ২০ জুলাই সুনামগঞ্জ উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
শনিবার ফরিদপুর-১ আসনের উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা নেওয়া হবে।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সময় সকল প্রার্থীকে তাদের ব্যক্তিগত সব তথ্য উল্লেখ করতে হবে।
কমিশন রোববার মনোনয়নপত্র বাছাই করবে। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ আগস্ট। ৩০ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
হাইকোর্টের নির্দেশ অনুসারে, প্রার্থীদেরকে মনোনয়নপত্রের সাথে তাদের শিক্ষাগত যোগ্যতা, আয়ের উৎস, সম্পদ সম্পত্তি, ব্যাংক ঋণ, ক্রিমিনার রেকর্ডসহ (যদি থাকে) অন্যান্য তথ্য উল্লেখ করতে হবে।
