২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে খান জাহান আলীর (র:) মাজারের দিঘিতে পুরুষ কুমিরের মৃত্যু

বাগেরহাটে হযরত খান জাহান আলীর (র:) মাজার সংলগ্ন দিঘির নতুন একটি পুরুষ কুমির শুক্রবার ভোরে মারা গেছে। কুমিরটির পা লেজ ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, প্রয়োজনীয় চিকিৎসার অভাবে কুমিরটি মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2005, 09:09 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

গত ২৪ জুন চট্টগ্রামের ডুলা হাজরা সাফারী পার্কের ‘রিকভারী  প্রকল্পের’ আওতায় ভারতের মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে ৪০টি মিঠাপানির প্রজাতির কুমির আনা হয়েছিলো। এই কুমিরগুলোর মধ্যে দুটি পুরুষ ও চারটি মাদি কুমির ২৫ জুন বাগেরহাটের খান জাহান (র:) এর মাজারের দিঘিতে অবমুক্ত করা হয়। মৃত কুমিরটি ঐ দুটি পুরুষ কুমিরের একটি।

খাদেমরা বলছেন, অন্য কুমিরের আক্রমনে সে আহত হয়েছিল। শরীরের পেছনের ডান দিকের একটি পা ভাঙা অবস্থায় কুমিরটি প্রায় তিন সপ্তাহ ধরে সুন্দরবন পূর্ব বিভাগের তত্বাবধানে চিকিৎসাধীন ছিলো।

বন বিভাগ জানায়, নিহত কুমিরটি লম্বায় ৯ ফুট এবং ওজন প্রায় দেড় শ’ কিলোগ্রাম। এটির বয়স ২৬ থেকে ৩০ বছরের মধ্যে। কুমিরের মৃত্যুর ঘটনায় সুন্দরবন পূর্ব বিভাগ বাগেরহাট থানায় শুক্রবার দুপুরে একটি সাধারন ডায়েরী করেছে।  স্থানীয় খাদেমদের অনেকেই অভিযোগ করেছেন, যে সময় পাওয়া গিয়েছিলো তাতে আরো সতর্কতামূলক ব্যবস্থা এবং উন্নত চিকিৎসা দেয়া গেলে হয়তো কুমিরটিকে বাঁচানো যেতো।

তবে সুন্দর বন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শেখ মিজানুর রহমান বলেছেন, কুমিরটিকে বাঁচাতে তারা তাদের সাধ্যমত চেষ্টা করেছেন।