২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিন্টু ইস্যুতে সংবিধান ও আইনের শাসনের প্রতি সরকারের অবজ্ঞার প্রকাশ ঘটেছে

গণফোরাম সভাপতি এবং জাতীয় ঐক্যমঞ্চের আহবায়ক ড. কামাল হোসেন বৃহস্পতিবার বলেছেন, সরকার বিএনপি নেতা মহিউদ্দিন আহমেদ জিন্টুর ফাঁসি মওকুফের বিষয়টি যেভাবে মোকাবেলা করছে তা সংবিধান ও আইনের শাসনের প্রতি অবজ্ঞা শামিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2005, 10:20 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

বিডিনিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ড. কামাল হোসেন বলেন, ‘এ ঘটনা সরকারের দায়িত্বহীনতা ও অসচেতনতারই প্রকাশ। তাদের কর্মকান্ডের মাধ্যমে সংবিধান ও আইনের শাসনের প্রতি অশ্রদ্ধার বহি:প্রকাশ ঘটেছে।

প্রখ্যাত আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ বলেন, রাষ্টপতি কর্তৃক জিন্টুর ফাঁসির আদেশ মওকুফের ঘটনা অবশ্যই হত্যাকারীদের হত্যা প্রচেষ্টায় উৎসাহ যোগাবে।

টুইসডে গ্র“প নামের কূটনীতিকদের ফোরামের বক্তব্য সম্পর্কে মন্তব্য করতে গিয়ে  তিনি বলেন, কূটনীতিকরা এমন কোন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল মন্তব্য করেননি।

তিনি বলেন, ‘এই মন্তব্য যে রকম গুরুত্ব পেয়েছে, তা পাওয়ার যোগ্য নয়। তারা তাদের নিজেস্ব মত প্রকাশ করেছেন।  সরকার যেমন তাদের মন্তব্য প্রকাশ করেছেন, একইভাবে আমরাও বিরোধীদল হিসেবে আমাদের নিজস্ব মতামত প্রকাশ করে থাকি। আমরা তাদের সকল মতামত মেনে নিতে বাধ্য নই।”

ড. কামাল মনে করেন, গোপনে এ ধরনের মন্তব্য না করে প্রকাশ্যে মন্তব্য করা  ভাল। তিনি বলেন ‘যদি তারা গোপনে বিদেশী বিনিয়োগকারীদের এদেশে আসতে মানা করত, আমি মনে করি, তা হতো আমাদের জন্য ক্ষতিকারক। বরং আমরা তাদের প্রকাশ্যে মন্তব্য করার জন্য বলতে পারি’।

নির্বাচনী সংস্কারের ইস্যু সংক্রান্ত এক প্রশ্নে ড. কামাল বলেন, আমরা সত্যিকার অর্থেই স্থবির সময় পার করছি। এই ইস্যুতে বিরোধী দলগুলোর মধ্যে যে মতপার্থক্য রয়েছে, তা দূর করার চেষ্টা করছি। পরবর্তী ধাপে জনগণকে নিয়ে আমরা এই সংস্কার বাস্তবায়নের চেষ্টা করব।

তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও অর্থনীতির নিুগতির ফলে জনগনের সমস্যা ও ভোগান্তি অব্যাহত রয়েছে। জনগণের এই ভোগান্তি হ্রাসে আমরা বড় ধরনের আন্দোলন গড়ে তুলতে যাচ্ছি।

জাতীয় ঐক্যমঞ্চ থেকে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ বের হয়ে যাওয়া নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, এ ব্যাপারে আমি মন্তব্য করতে চাই না। বরং আপনারা তাকেই এ ব্যাপারে জিজ্ঞেস করতে পারেন। আমি আমার আদর্শ এবং কর্মসূচির মাধ্যমে গণতন্ত্রমনা রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিবর্তন আনার জন্য কাজ করে যাব।