২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির পানি ব্যবহারের ব্যতিক্রমী অবদানের জন্যে সম্মাননা লাভ করেছেন ড. রোকেয়া

ব্যক্তিগত প্রচেষ্টায় বৃষ্টির পানি সংগ্রহ ও সংরক্ষণ করে নিজের চাহিদা মিটিয়ে অন্যকে উদ্বুদ্ধ করার ব্যতিক্রমধর্মী অবদানের জন্যে ভিকারুন্নিসানুন স্কুলের শিক্ষিকা ড.বেগম রোকেয়া সম্মাননা লাভ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ঢাকা ওয়াসা যৌথভাবে বৃহম্পতিবার স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এ সম্মাননা প্রদান করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ড. রোকেয়াকে ক্রেস্ট প্রদান করেন  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভুঁইয়া এবং সনদ প্রদান করেন স্থানীয় সরকার বিভাগের সচিব এ এইচ এম আবুল কাসেম।

কীভাবে বৃষ্টির পানি সংরক্ষণ করে পানির চাহিদা মেটানো যায়, এবিষয়ে ড. রোকেয়া তার অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি বর্ষা মৌসুমে সচিবালয়ের ছাদের পানি ধরে রাখতে এলজিআরডি মন্ত্রীকে অনুরোধ জানান।

ড. রোকেয়া রামপুরায় ২০ বছর আগে ৭৫ হাজার টাকায় আড়াই কাঠা জমি কিনে বাড়ি তৈরি করেন। তারপর সেখানেই ৮০ হাজার টাকা ব্যয়ে বৃষ্টির পানি ধরে রাখতে বিভিন্ন কায়দায় ট্যাংক স্থাপন করে নিরাপদ পানি আটকে রেখে নিজেরসহ পাশের কয়েকটি বাড়িতে ওই পানি সারা বছর সরবরাহের মাধ্যমে  চাহিদা মিটিয়ে আসছেন।

তিনি মনে করেন, বর্ষার তিন মাসে সকল বাড়ির ছাদের বৃষ্টির পরিষ্কার পানি ধরে রেখে সারা বছর ওই পানি সকল কাজে ব্যবহার করলে আর্থিকভাবেও লাভবান হওয়া যায়।

রামপুরা এলাকায় কয়েকটি বাড়িতে ড. রোকেয়ার মত বৃষ্টির পানি ব্যবহার শুরু হয়েছে।

স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভুঁইয়া বৃষ্টির পানি ব্যবহারের জন্যে জনসচেতনতা বাড়াতে ওয়াসাসহ সংশ্লিস্ট দপ্তরের প্রতি এ উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন।

তিনি বলেন , ঢাকা শহরের তীব্র খাবার পানি সংকট মেটাতে সরকারিভাবে বৃষ্টির পানি ব্যবহার করে কোটি কোটি টাকা অপচয় রোধ করা যাবে।