কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তায় সিসিটিভি বসানো হচ্ছে
পর্যটন নগরী কক্সবাজারের আবাসিক হোটেল ও মোটেল জোনে সিসিটিভি ও মেটাল ডিটেক্টর বসানো হচ্ছে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদে সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতির কারণে কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা বিধানে এই ব্যবস্থা নেয়া হচ্ছে।
ইতিমধ্যে জেলা পুলিশ প্রশাসন নির্ধারিত কিছু হোটেলে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন এবং সকল আবাসিক হোটেল ও গেস্ট হাউসে মেটাল ডিটেক্টর বসানোর নির্দেশ দিয়েছে। অচিরেই এই ব্যবস্থা সকল আবাসিক হোটেলে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন ও হোটেলের প্রবেশ দ্বারে মেটাল ডিটেক্টর বসানো হলে পর্যটকদের নিরাপত্তা আরও বেশি নিশ্চিত হবে।
সূত্র জানায়, দেশের অন্যতম অর্থনৈতিক জোন হিসাবে পর্যটন নগরী কক্সবাজারকে নিরাপদ করতে সরকার চিন্তাভাবনা শুরু করেছে। তারই অংশ হিসেবে সম্প্রতি জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে হোটেল ও মোটেল জোন এবং সৈকত সংলগ্ন আবাসিক এলাকায় গড়ে ওঠা গেস্ট হাউস, হোটেল মালিক কর্তৃপক্ষকে লিখিত পত্রের মাধ্যমে নিজস্ব ব্যবস্থাপনায় মেটাল ডিটেক্টর স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে। জানা গেছে, পুলিশের ওই নির্দেশে বলা হয়েছে হোটেল, মোটেল ও গেস্ট হাউসগুলোকে এক বা একাধিক হ্যান্ড হোল্ড মেটাল ডিটেক্টর ১৫ দিনের মধ্যেই ক্রয় করতে হবে। ২৫ জুলাই এই আদেশ দেয়া হয়।
সূত্র জানায়, প্রশাসনের ওই আদেশে বলা হয়েছে, প্রতিটি হোটেল, মোটেল ও গেস্ট হাউসের প্রবেশ দ্বারে মেটাল ডিটেক্টর বসাতে হবে। হোটেলে অননুমোদিত যেকোনও ব্যক্তির প্রবেশ রোধ, আগত দেশী বিদেশী পর্যটক বোর্ডার ও অন্যান্য সন্দেহভাজন ব্যক্তিদের ব্যাগ, বস্তা, ভ্যানিটিব্যাগ ও সন্দেহজনক বস্তু তাৎক্ষনিক মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশী করতে হবে। প্রয়োজনে দেশী ও বিদেশী মহিলা বোর্ডারদের মহিলা নিরাপত্তা কর্মী দিয়ে তল্লাশি করতে হবে। হোটেল, মোটেল ও গেস্ট হাউসগুলোতে প্রয়োজন অনুসারে পুরুষ ও মহিলা নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়াতে হবে। কোন অননুমোদিত গাড়ি পার্কিং করতে দেয়া যাবে না। বোর্ডারদের গাড়ির ভনেট ও লাগেজ চেক করতে হবে। চেকিং করার পর অনুমতিপ্রাপ্ত সকল গাড়ির উপর চেকড এন্ড পার্কড লেখা পার্কিং স্টিকার লাগিয়ে হোটেলের অভ্যন্তরে পার্কিং করতে দেয়া হবে।
অপরদিকে হোটেল ও মোটেল জোনের প্রতিটি হোটেলে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো না হলেও নির্ধারিত তারকা মানসম্পন্ন হোটেলগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর নির্দেশ দেয়া হয়েছে। কক্সবাজারে তারকা মানসম্পন্ন হোটেলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে হোটেল সী--গাল, হোটেল সী-প্যালেস, হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল, হোটেল শৈবাল, মোটেল প্রবাল, মোটেল উপল ও হোটেল লাবনী। জানা গেছে, হোটেল ও গেস্ট হাউস মালিক কর্তৃপক্ষকে নিজস্ব ব্যবস্থাপনায় ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন ও মেটাল ডিটেক্টর ক্রয় করতে হবে।
এ ব্যাপারে কক্সবাজারের পুলিশ সুপার গোলাম রসুল বিডিনিউজকে জানান, ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন ব্যয়বহুল হওয়ায় প্রতিটি হোটেল ও গেস্ট হাউসে তা স্থাপন করা সম্ভব নয়। তাই শুধুমাত্র তারকা মানসম্পন্ন ও উল্লেখযোগ্য কিছু হোটেলে ক্লোজ সার্কিট ক্যামেরা নিজস্ব ব্যবস্থায় বসানোর জন্য বলা হয়েছে। তবে প্রতিটি হোটেল ও গেস্ট হাউসে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করতে হবে।
সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে লন্ডন, মিশরসহ বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ায় পর্যটন নগরী হিসাবে কক্সবাজারকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে। পর্যটকদের অধিক নিরাপত্তা বিধানের স্বার্থে আগাম এই ব্যবস্থা নেয়া হচ্ছে। যদিও এর আগে কখনই কক্সবাজারে দেশীয় কিংবা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কার্যক্রম ছিল না। এখনও নেই।
