শামছুর রহমান হত্যা মামলায় ইত্তেফাক সাংবাদিকের বিরুদ্ধে বিচার কাজ হাইকোর্টের নির্দেশে স্থগিত
হাইকোর্ট এক আদেশে সাংবাদিক শামছুর রহমান হত্যা মামলায় দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ফরাজি আজমলের বিরুদ্ধে সকল বিচার কার্যক্রম স্থগিত করেছেন।
ফরাজি আজমল হোসেনের দায়ের করা আবেদনের শুনানি শেষে মঙ্গলবার এ আদেশ প্রদান করা হয়।
বিচারপতি আব্দুর রশিদ এবং বিচারপতি ফজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বছর ১৫ জুন আবেদনকারীর বিরুদ্ধে ট্রায়াল কোর্টে গঠিত অভিযোগ কেন বাতিল করা হবে না--এ মর্মে সরকারের ওপর এক রুলনিশি জারি করে।
বিগত ২০০০ সালে অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে দৈনিক জনকণ্ঠের যশোর প্রতিনিধি শামছুর রহমান নিহত হন। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত করে দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ফরাজিসহ ১৭ জনের বিরুদ্ধে একটি সম্পূরক চার্জ শীট গঠন করা হয়।
বর্তমানে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে ঝুলে আছে।
আদালতে আবেদনকারীর পক্ষে এডভোকেট মাহবুবে আলম এবং সরকার পক্ষে ডেপুটি এটর্নি জেনারেল এবিএম ওয়ালিউর রহমান মামলা পরিচালনা করেন।
