গ্রাম সরকার আইন অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট, আপডেট
হাইকোর্ট মঙ্গলবার গ্রাম সরকার আইন অবৈধ ঘোষণা করেছেন।
একটি রিট আবেদনের প্রেক্ষিতে ছয়দিনব্যাপী শুনানি শেষে বিচারপতি এবিএম খায়রুল হক এবং এটিএম ফজলে কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতের রায়ে জানা যায়, গ্রাম সরকার আইন, ২০০৩ সংবিধান পরিপন্থি এবং এ আইনের অনুমোদন ঠিক নয়।
রায়ে আরও বলা হয়, গ্রাম সরকার আইনের ধারণা অত্যন্ত ভাল। আইনানুযায়ী গ্রাম প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত গ্রাম সরকার ইউনিয়ন পরিষদের সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে। কিন্তু এর কোনও সাংগঠনিক আকার নেই।
রায়ে আদালত আরও জানায়, এ আইন সংবিধানের ৭, ৯, ১১, ৫৯, এবং ৬০ নম্বর ধারা এবং সংবিধানের মৌলিক নীতির পরিপন্থী।
প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সংবিধানের মৌলিক নীতি গণতন্ত্রকে সমুন্নত করে। কিন্তু গ্রাম সরকার ব্যবস্থার কোনও প্রশাসনিক অথবা স্থানীয় সরকার প্রতিষ্ঠান নেই।
সরকার ২০০৩ সালে সংসদে গ্রাম সরকার আইন পাসের পর মানবাধিকার সংগঠন ‘বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্ল¬াস্ট)’ এর উপ পরিচালক ফরিদা ইয়াসমিন ২০০৩ সালের ৬ জুলাই এ আইনের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে একটি রিট আবেদন দাখিল করেন।
আবেদনে বলা হয়, আইনানুগ কর্তৃপক্ষ ছাড়াই গ্রাম সরকার আইন, ২০০৩ পাশ করা হয়েছে এবং আইনটি অসংবিধানিক।এতে দেশের গণতান্ত্রিক ধারা নস্যাৎ হবে।
আবেদনে আরও বলা হয়, এ আইনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে গ্রাম সরকার সদস্যদের মনোনয়ন দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। যাতে স্থানীয় সরকার ব্যবস্থায় আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টির আশংকা রয়েছে। একই সাথে এটি সংবিধান লংঘন।
আবেদনের প্রেক্ষিতে আইনটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, এ মর্মে হাইকোর্টের বেঞ্চ আইন এবং এলজিআরডি মন্ত্রণালয়ের সচিবদের কারণ দর্শাও নোটিশ জারি করেন। রুলের শুনানি শেষে আদালত মঙ্গলবার আইনটিকে অবৈধ ঘোষণা করে রায় প্রদান করেন।
আবেদনকারীর পক্ষে আদালতে ব্যারিস্টার তানজিবুল আলমের সহযোগিতায় ড. কামাল হোসেন এবং সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নী জেনারেল ফিদা এম কামাল মামলা পরিচালনা করেন।
