২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের জামিন পেলেও মুক্তি মেলেনি ডেমরা ওরিয়েন্টাল স্কুলের প্রধান শিক্ষক ও তার ছেলের

তুচ্ছ ঘটনার জের ধরে স্থানীয় সংসদ সদস্যের হাতে প্রহৃত ডেমরা ওরিয়েন্টাল স্কুলের প্রধান শিক্ষক ও তার ছেলেকে চাঁদাবাজির অভিযোগে মঙ্গলবার ফের গেফতার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 08:27 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

ডেমরা থানা পুলিশ সোমবার ৫৪ ধারায় গ্রেফতার করে তাদের আদালতে পাঠালে আদালত তাদের জামিন প্রদান করেন। কিন্তু জামিন হওয়ার সাথে সাথেই ডেমরা থানা পুলিশ অন্য এটি চাঁদাবাজির মামলায় আসামীদের পুনরায় গ্রেফতারের আবেদন জানালে আদালত এ অনুমতি দেয়।

আদালতে শুনানিতে অভিযুক্ত প্রধান শিক্ষক সিরাজুল হক (৬০) ও তার ছেলে নাজমুল হককে (২৩) চাঁদাবাজির মামলায় গ্রেফতার করার পেছনে স্থানীয় সরকার দলীয় সাংসদ সালাউদ্দিন আহমেদরে হাত রয়েছে বলে আইনজীবিরা উল্লেখ করেন।

সূত্র জানায়, স্থানীয় সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ গত সোমবার সারুলিয়া তালতলা মসজিদ সংলগ্ন ডিএনডি খাল পরিদর্শনে যান। এসময় জেলা পরিষদের স্থানীয় প্রভাবশালী এক কর্মকর্তার আত্মীয় স্বজনরা খাল ভরাট করে রাস্তা তৈরী করলেও অভিযুক্ত করা হয় প্রধান শিক্ষক ও তার ছেলেকে।

কিন্তু প্রধান শিক্ষক সিরাজুল হক এই অভিযোগ অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে সংসদ সদস্য ও তার লোকজন প্রধান শিক্ষক ও তার ছেলেকে মারধর করাসহ ইট দিয়ে আঘাত করে। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এদিকে সিরাজুল হক ও তার ছেলের আইনজীবী সিদ্দিকুর রহমান ও মনজুর আলম জামিন আবেদন শুনানিকালে বলেন, সরকার দলীয় সাংসদ সালাউদ্দিন আহমেদের ষড়যন্ত্রেই আওয়ামী লীগ সমর্থক প্রধান শিক্ষক ও তার ছেলেকে চাঁদাবাজির মামলায় জড়ানো হয়েছে।