যুক্তরাষ্ট্রে গভর্নর জেব বুশের সাথে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
যুক্তরাষ্ট্র সফররত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ফ্লোরিডার গভর্নর অফিসে প্রেসিডেন্ট জর্জ বুশের ছোটভাই গভর্নর জেব বুশের সঙ্গে বৈঠকে মিলিত হন।
গভর্নর বুশ তার ক্যাপিটল ভবনে সোমবার বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা জানান। ফ্লেরিডায় বর্তমানে প্রচুর সংখ্যক বংলাদেশীর বসবাস রয়েছে।
জেব বুশ বাংলাদেশকে আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী যুদ্ধে আমেরিকার মূল্যবান বন্ধু হিসেবে উল্লেখ করে বাংলাদেশের প্রশংসা করেন।
লুৎফুজ্জামান বাবর জেব বুশকে জানান, ফ্লোরিডায় বসবাসকারী বাংলাদেশী নাগরিকরা কঠোর পরিশ্রম করে ফ্লোরিডার অর্থনীতিতে অবদান রাখছেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার পর্যবেক্ষণ তুলে ধরে বলেন আমেরিকায় বসবাসরত বাংলাদেশী-আমেরিকানরা বুদ্ধিমান, কঠোর পরিশ্রমী এবং আইনের প্রতি অনুগত। ফ্লোরিডা প্রবাসী বাংলাদেশীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে আমেরিকার অর্থনৈতিক উন্নয়নে যেমন অবদান রাখছেন তেমনি বাংলাদেশে তাদের আত্মীয়-স্বজনের কাছে উপার্জিত অর্থ পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতেও মূল্যবান বিদেশী মুদ্রার যোগান দিচ্ছেন। বাংলাদেশ সরকার এতে গর্বিত বলে উল্লেখ করেন।
গভর্নর জেব বুশ বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এ পর্যবেক্ষণের সঙ্গে ঐকমত্য পোষণ করেন এবং ফ্লোরিডার বিকাশমান বাণিজ্য থেকে সুবিধা নেয়ার জন্য মিয়ামিতে একটি কনসুলেট খোলার ওপর জোর দেন।
ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত শমশের মবিন চৌধুরী বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন।
