২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বাংলাদেশের সুপারির বাজার বাড়ছে

ভারতে বাংলাদেশের সুপারির বাজার সম্প্রসারিত হচ্ছে। অভ্যন্তরিন চাহিদা মিটিয়ে প্রতিবছর বিপুল পরিমাণ সুপারি রপ্তানি করছে বাংলাদেশ। অপ্রচালিত পণ্য রপ্তানি আয়ের মধ্যে সুপারিই এখন শীর্ষ অবস্থানে বলে রপ্তানি উন্নয়ন ব্যুরো জানিয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 10:36 AM

Updated : 26 Apr 2022, 05:57 PM

রপ্তানিকারকরা বলছেন, প্রতিবছর দেশ থেকে যে পরিমাণ সুপারি রপ্তানি হয় তার অধিকাংশই দক্ষিণাঞ্চলের উৎপাদিত এবং মংলা ইপিজেড থেকে রপ্তানি প্রক্রিয়াকরণ করা হচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো জানিয়েছে, ২০০৪--০৫ অর্থ বছরে কেবল এ এলাকা থেকে ১৯ হাজার সাতশ’ ২৮ মেট্রিকটন সুপারি রপ্তানি হয়েছে। এর থেকে আয় হয়েছে ৫৮ লাখ ৮৯ হাজার ১২৩ মার্কিন ডলার। পূর্বের (২০০৩-০৪) অর্থ বছরে এ আয়ের পরিমান ছিল ২৭ লাখ ৮৪ হাজার চারশ’ ৯৯ মার্কিন ডলার। এ বছর এখাতে রপ্তানি হয় নয় হাজার ছয়শ’ সাত মেট্রিক টন। ২০০৪--০৫ র্অথ বছরে ২০০৩--০৪ অর্থ বছরের তুলনায় রপ্তানি বেড়েছে ১০ হাজার একশ’ ৭৫ মেট্রিক টন এবং বৈদেশিক আয় বেড়েছে ৩১ লাখ চার হাজার ছয়শ’ ২৪ মার্কিন ডলার। অপ্রচালিত এ পণ্যটি ভারতের বাজারে চাহিদা বৃদ্ধি এবং লাভজনক হওয়ায় রপ্তানিকারকরা এখাতে বিনিয়োগে উৎসাহী হচ্ছে।

বিগত দু’টি অর্থ বছরে দক্ষিণাঞ্চলের থেকে রপ্তানিকৃত মোট সুপারির মধ্যে ২৬ হাজার ৮৮ মেট্রিকটন মংলা ইপিজেডে রপ্তানি প্রক্রিয়া করা হয়েছে। এ সুপারিগুলো সাধারণত মায়ানমার থেকে আমদানি করে মংলা ইপিজেডে রপ্তানি উপযুক্ত করা হয়। বাকি ১৮ হাজার ছয়শ’ ১১ মেট্রিকটন স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা হয়।

রপ্তানিকারকরা জানান, ভোলা, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, যশোর, নড়াইল জেলার স্থায়ী বাজার থেকে সুপারি ক্রয় করা হয়। বিশষ করে ভোলা ও পিরোজপুরে প্রচুর সুপারি উৎপাদিত হচ্ছে। অন্যান্য কৃষিজাত ফসলের মত এসব এলাকায়  বানিজ্যিক ভিত্তিতে সুপারি চাষ করা হচ্ছে। রপ্তানিকারকরা বলছেন, ভারতের বাজারে সুপারির চাহিদা বাড়ায় এবং রপ্তানি ও প্রক্রিয়াজাতকরন খরচ তুলনামূলক কম হওয়ায় এখাতে বিনিয়োগে তারা আগ্রহী। ভোলা পিরোজপুর এবং বাগেরহাট এলাকায় সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের সরাসরি তদারকিতে সুপারি চাষীদের সযোগিতা এবং উৎসাহ দিলে দেশের অভ্যন্তরেই প্রচুর সুপারি উৎপাদন সম্ভব।