মাতৃদুগ্ধ পান না করানোয় বছরে ক্ষতি একশ’ কোটি মার্কিন ডলার
মাতৃদুগ্ধ পান না করানোর কারণে বছরে ক্ষতি হচ্ছে প্রায় একশ’ কোটি মার্কিন ডলার, যা মোট জাতীয় উৎপাদনের প্রায় দুই শতাংশের সমান। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সোমবার এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন (বিবিএফ) এবং সহযোগী আটটি সংগঠন যৌথভাবে সাত দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আনুষ্ঠানিকভাবে এ সপ্তাহ পালিত হচ্ছে।
সেমিনারে বক্তারা মাতৃদুগ্ধ পান না করানোর বিভিন্ন ক্ষতিকর দিক এবং মাতৃদুগ্ধ পান করানোর নিবিড় পদ্ধতি উপস্থাপিত করেন। মাতৃদুগ্ধ বহির্ভূত প্রক্রিয়ায় বোতল ও বাট পরিষ্কার ও জীবানুমুক্তকরণ এবং সময় অপচয় বাবদ প্রতি শিশুর পিছনে মাসে মোট তিন হাজার টাকা খরচ হয় বলে বক্তারা উল্লেখ করেন।
তারা বলেন, মাতৃদুগ্ধ পান করানোর মাধ্যমে এ অর্থনৈতিক ক্ষতি থেকে পরিবারগুলোকে রক্ষা করা যেতে পারে।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে এ বছরের প্রতিপাদ্য হচ্ছেÑ ‘মাতৃদুগ্ধ পান ও পারিবারিক খাদ্য : ভালবাসা ও স্বাস্থ্য’। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মাতৃদুগ্ধ পান করানোর ক্ষেত্রে তাদের নতুন সুপারিশমালা সম্পর্কে জন সচেতসতা বাড়ানোর জন্য ১ থেকে ৭ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ হিসেবে ঘোষণা দিয়েছে।
নতুন সুপারিশে শুধু মাতৃদুগ্ধ পান করানোর ক্ষেত্রে অনুকূল সময় হিসেবে শিশুর বয়স ছয় মাস পর্যন্ত সমর্থন করা হয়েছে। শিশুর বয়স ছয়মাস পূর্ণ হলে পরিপূরক খাবার খাওয়ানোর ব্যাপারেও বলা হয়েছে।
প্রধান অতিথির বক্তৃতায় সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মুহাম্মদ মুজাহিদ মাতৃদুগ্ধের বিকল্প ব্যবহারে উৎসাহিত করায় উন্নয়নশীল দেশ ও কতিপয় বহুজাতিক কোম্পানিকে কঠোরভাবে তিরষ্কার করেন।
তিনি বলেন, যে শিশু মাতৃদুগ্ধ পান করেছে, সে শিশু মাতৃদুগ্ধ পান করেনি এমন শিশুর চেয়ে কমপক্ষে চারবার ডায়রিয়া ও নিউমোনিয়া থেকে রক্ষা পেতে পারে।
মন্ত্রী আরও বলেন, মাতৃদুগ্ধ পানের মাধ্যমে সারা বিশ্বে শিশু মৃত্যুর হার ১৩ শতাংশ কমেছে এবং এটি পরিপূরক খাদ্যের ক্ষেত্রে ছয় শতাংশ ভূমিকা রেখেছে। ১৯৮০ সালে শিশু মৃত্যুর হার ছিল প্রতি হাজারে একশ’ ৪০। নিবিড় মাতৃদুগ্ধ পানের কারণে শিশু মৃত্যুর হার ৫০ এ নেমে এসেছে।
সেমিনারে অন্যান্যের মধ্যে কানাডিয়ান হাইকমিশনের রবার্ট বিডল, ইউনিসেফের হ্যারিয়েট টরলেসি, সেভ দ্য চিল্ড্রেনের অনুরাথা হরিনারায়ণ এবং ডাচ-বাংলা ব্যাংকের মো. ইয়াসিন আলী বক্তব্য রাখেন।
