৩ আগস্ট থেকে দেশব্যাপী খাদ্য ব্যবসায়ীদের ৪৮ ঘন্টার ধর্মঘট
খাবারের ভেজাল প্রতিরোধে মোবাইল কোর্ট কর্তৃক ‘হয়রানি’র প্রতিবাদে বাংলাদেশ ফুড মার্চেন্টস অ্যাসোসিয়েশেন (বিএফএমএ) আগামী ৩ থেকে ৪ আগস্ট সারাদেশের প্রায় ২৫ হাজার হোটেল রেস্তোরা ৪৮ ঘন্টার জন্য বন্ধ রাখার হুমকি দিয়েছে।
জাতীয় প্রেস ক্লাবে সোমবার এক সংবাদ সম্মেলনে বিএফএমএ নেতৃবৃন্দ অভিযোগ করেন, বর্তমানে পরিচালিত মোবাইল কোর্ট হয়রানিমূলক কাজের সাথে জড়িত এবং তারা ক্ষমতার অপব্যবহার করছে। তাছাড়া এই কাজের সাথে জড়িতরা দক্ষ এবং ফিট নয় বলে তারা অভিযোগ করেন।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি থেকে জনগনের দৃষ্টি সরানোর জন্যই সরকার এই ধরনের অভিযান শুরু করেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন, ব্রেড-বিস্কুট এন্ড কনফেকশনারী ওনার্স অ্যাসোসিয়েশন, সুইট শপ ওনার্স অ্যাসোসিয়েশন, চাইনীজ রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন এবং ফাস্ট ফুড এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশনের সমন্বয়ে গঠিত এই বাংলাদেশ ফুড মার্চেন্টস অ্যাসোসিয়েশন।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা জানান, তাদের সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা ৫০ হাজারের বেশি। এর মধ্যে রাজধানী ঢাকার ৪ হাজারসহ সারাদেশের প্রায় ২৫ হাজার রেস্টুরেন্ট তাদের সংগঠনের সদস্য। নেতৃবৃন্দ জানান, গড়ে একটি রেস্টুরেন্টে যদি ৩০ জন কর্মচারী থাকে তাহলে সব মিলিয়ে প্রায় এক কোটি লোক এই কাজের সাথে জড়িত।
সম্মেলনে নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব পালন ও ভুল সংক্রান্ত ১৫টি প্রশ্ন উত্থাপন করেন। তারা বলেন, গত ৩৪ বছরে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) এবং ঢাকা সিটি করপোরেশন এ ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ গ্রহন করেনি এবং এ সম্পর্কিত কোন নীতিমালাও প্রণয়ন করেনি।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, ৪৮ ঘন্টার ধর্মঘটের সময় সারাদেশের কোন হোটেল, রেস্তোরা, ফাস্টফুড বেকারী এবং ø্যাক শপে কোন খাবার তৈরী এবং বিক্রি হবে না।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, কিছুসংখ্যক অসাধু খাদ্য ব্যবসায়ীর কারণে পুরো খাদ্য শিল্প এবং মালিকগন ক্ষতিগ্রস্ত হতে পারে না। এদিকে আগামী বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে মুক্তাঙ্গনে একটি সমাবেশের আয়োজন করা হবে। ৪ আগস্টের মধ্যে তাদের দাবি মেনে না নেয়া হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিএফএমএ নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএফএমএ সভাপতি খন্দকার রুহুল আমিন, প্রধান উপদেষ্টা কামরুদ্দিন আহমেদ খোকন, যুগ্ম সচিব জালালউদ্দিন, কামারুদ্দিন আহমেদ, শাকিল চৌধুরী, স্বপন কুমার ঘোষ এবং আব্দুর রহমান।
