২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বিএনপিতে দলীয় কোন্দল চরমে

খুলনায় বিএনপি‘র ঘরোয়া রাজনৈতিক অন্তর্দ্বন্দ্ব এখন চরম আকার ধারন করেছে। ক্ষমতার আধিপত্যের লড়াইয়ে বিএনপি‘র দু’গ্র“প এখন মারমুখী অবস্থান নিয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 11:24 AM

Updated : 26 Apr 2022, 05:56 PM

দলে নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে খুলনা--২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আসগর লবীর বিরুদ্ধে তালিকাভুক্ত সন্ত্রাসী বোয়িং মোল্লা, জাফিরুল ইসলাম জাফির, জাকির ও শেখ আশফাকুর রহমান কাকনকে নিয়ে চলাফেরা করার অভিযোগ উঠেছে।

অন্যদিকে দলের আরেক প্রভাবশালী নেতা নজরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে ক্ষমতা কুক্ষিগত করার লক্ষ্যে বিশৃংখলা সুষ্টির অভিযোগ উঠেছে।

সূত্র জানায়, জাসাসের সম্মেলনে আলী আসগর লবীর নির্দেশে চিহ্নিত সন্ত্রাসীদের প্রকাশ্য অস্ত্রবাজী এবং নগর বিএনপি‘র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলম মনাকে লাঞ্চিত করার ঘটনায় বিএনপি‘র ঘরোয়া রাজনীতিতে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বর্তমানে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে জেলা শ্রমিক দলের সম্মেলন স্থগিত করা হয়েছে।

এছাড়া কোন্দলের কারণেও জেলা বিএনপি‘র পূর্ণাঙ্গ কমিটি গত তিস মাসেও গঠন করা সম্ভব হয়নি।

জেলা ও মহানগর জাসাসেরও দু‘টি করে কমিটি গঠিত হয়েছে। দু‘টি অফিস থেকে আলাদা আলাদাভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

অঘোষিতভাবে বিএনপি‘র নতুন অফিস করা হয়েছে। সব মিলিয়ে বিএনপি‘র ঘরোয়া রাজনীতিতে দেখা দিয়েছে অস্থিরতা।

দলীয় একাধিক সূত্র জানায়, খুলনায় বিএনপি‘র ঘরোয়া রাজনীতিতে মূল ধারায় রয়েছেন হুইপ শেখ আশরাফ হোসেন, নগর সভাপতি এম নূরুল ইসলাম এমপি, সাধারণ সম্পাদক নজরুর ইসলাম মঞ্জু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল আলম মনা।

অন্যদিকে রয়েছেন, সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমান, খুলনা--২ আসনের সংসদ সদস্য ও প্রভাবশালী নেতা আলহাজ্ব আলী আসগর লবী, জেলা সভাপতি অধ্যাপক মাজেদুল ইসলাম ও পরিবহন সেক্টরের নেতা আলহাজ্ব সাহারুজ্জামান মোর্তজা।

জাসাসের সম্মেলন নিয়ে সংঘাতের পর খুলনা বিএনপি‘র ঘরোয়া রাজনীতিতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। যেকোন সময় দল ভাঙ্গনেরও আশংকা রয়েছে বলে দলীয় সূত্র জানায়।