প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে আ. লীগ নেতা সুলতান মো. মনসুর’র বিরুদ্ধে সমন জারি
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মো. মনসুরের বিরুদ্ধে সমন জারি করেছেন চাঁপাইনবাবগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালত।
চাঁপাইনবাবগঞ্জ থানা বিএনপির সভাপতি সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া মামলা দায়ের করলে আদালত এ সমন জারি করেন।
সুলতান মো. মনসুরকে ২৮ ডিসেম্বরের মধ্যে আদালতে হাজির হতে বলা হয়েছে।
পাপিয়ার দায়েরকৃত মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ৩০ জানুয়ারি সিলেটের কোর্ট পয়েন্টে এক সমাবেশে সুলতান মো. মুনসুর বক্তৃতাকালে বলেন, প্রধানমন্ত্রীকেও জিয়ার পথ ধরতে হবে। এতে প্রমানিত হয়, প্রাক্তন রাষ্ট্রপতিকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, সেভাবে প্রধানমন্ত্রীকে হত্যা করা হবে।
দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে ৩য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রতাপ চন্দ্র বিশ্বাসকে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেওয়া হয়। তদন্ত প্রতিবেদন দাখিলের পর এ সমন জারি করা হয়।
