২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযানে ১০ মাসে ২১১ অত্যাধুনিক অস্ত্র ও ২৯ হাজার গোলাবারুদ উদ্ধার

পার্বত্য বান্দরবান জেলার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম এলাকাগুলো থেকে সেনা-বিডিআরের বিগত ১০ মাসের যৌথ অভিযানে ৩২টি স্থলমাইন, ২১১টি অত্যাধুনিক মারনাস্ত্র, ২৯ হাজার গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম উদ্ধার হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 09:18 AM

Updated : 26 Apr 2022, 05:56 PM

বর্তমানে এসব এলাকাগুলো এখন অবৈধ যুদ্ধাস্ত্রের ভান্ডার হয়ে উঠেছে। এখান থেকে প্রায়ই উদ্ধার হচ্ছে অত্যাধুনিক সব মারনাস্ত্র।

বিডিআর কর্মকর্তারা বিডিনিউজকে জানান, গত ৪ অক্টোবর থেকে চলতি মাসের ২৭ জুলাই পর্যন্ত মাত্র ১০ মাসে পৃথক অভিযানে সেনা ও বিডিআর সদস্যরা ৩৭টি একে-৪৭, চারটি এম-১৬ রাইফেলসহ ২১১টি অত্যাধুনিক মারনাস্ত্র এবং প্রায় ২৯ হাজার রাউন্ড গুলি উদ্ধার করেছে। এসময় নিরাপত্তা বহিনীর সদস্যরা মিয়ানমারের একটি বিচ্ছিন্নতাবাদী দলের চীফ কমান্ডারসহ চারজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়।

সূত্র জানায়, সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডারের নির্দেশনায় এবং বান্দরবান সেনা রিজিওনের তত্ত্বাবধানে বিডিআরের নাইক্ষ্যংছড়ি ৪০ ব্যাটালিয়ান অধিনায়কের নেতৃত্বে পরিচালিত হয় সেনা-বিডিআরের যৌথ এবং বিশেষ অভিযান। নাইক্ষ্যংছড়ি উপজেলার চারটি ইউনিয়নের দুর্গম এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে সন্ত্রাসীদের অস্থায়ী ঘাঁটিগুলোতে হানা দিয়ে তারা অত্যাধুনিক অস্তসশ্ত্র আটক করে।

এদিকে বৃহস্পতিবার নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে সাংবাদিকদের জন্য প্রদর্শন করা হয় উদ্ধারকৃত অস্ত্র-শস্ত্র সমুহ। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে ৩৭টি একে-৪৭ রাইফেল, আমেরিকার তৈরি ৪টি এম-১৬ রাইফেল, একটি জি-৩ রাইফেল, আটটি এলএমজি, আটটি এসএমসি, ১০টি থ্রি নট থ্রি রাইফেল, একটি অটো রাইফেল, ৭৯টি দেশি বন্দুক ও শর্টগান, একটি রাইফেল, সাতটি হ্যান্ড লাঞ্চার, সাতটি যুদ্ধাস্ত্র বুবিট্রাপস, ৩২টি মাইন, একটি হাই হ্যান্ড লাঞ্চার, দুটি দুই ইঞ্চি মর্টার ও দুটি সিক্সটি এমএম মর্টার।

এছাড়াও রয়েছে একে-৪৭ রাইফেলের ১৪ হাজার ২৫৪ রাউন্ড গুলি, এম-১৬ রাইফেলের ছয় হাজার ৪৪৩ রাউন্ড গুলি , দুই হাজার থ্রি নট থ্রি রাইফেলের গুলি, দুই হার্জা এলএমজির বল গুলি, এক হাজার ৩৭৪টি এসএমজির গুলি, ৫১৬টি অন্যান্য রাইফেলের গুলি এবং দুই প্রকার পিস্তলের চার হাজার একশ’ গুলি।

সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে ৪৫টি বিভিন্ন প্রকারের ওয়াকিটকি, সাতটি শক্তিশালী বাইনুকোলার, তিনটি নাইটভিশন টেলিস্কোপি সাইট, দুইটি রাইফেলের ব্যারেল, চারটি থ্রি নট থ্রি রাইফেলের ব্যারেল, ১৬টি রাইফেলের বেল্ট এবং ২৩৪টি বিভিন্ন প্রকারের অস্ত্রের ম্যাগজিন। তাছাড়াও অভিযানের সময় উদ্ধার হয়েছে সন্ত্রাসীদের ফেলে যাওয়া বিপুল পরিমান দলিল দস্তাবেজ, রসায়ণিক ও ব্যবহারিক দ্রব্য।

বিডিআর কর্মকর্তারা বলেছেন, এ যাবত উদ্ধার করা অস্ত্র-শস্ত্রগুলো সন্ত্রাসীদের অবৈধ ও বিক্ষিপ্তভাবে মজুদকৃত অস্ত্র ও গোলাবারুদের মাত্র সিকি পরিমাণ হতে পারে। তবে বিডিআর ও সেনাবাহিনীর কর্মকর্তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, এই দূর্গম পাহাড়ি অঞ্চল থেকে অচিরেই সকল অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার এবং সন্ত্রাসীদের ধরা সম্ভব হবে।

জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৫৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা অরক্ষিত এবং ভৌগলিক কারণে অতি দুর্গম হওয়ায় বিশেষ অভিযান পরিচালনায় খুবই কষ্ট হচ্ছে, তা সত্ত্বেও নিরাপত্তা বাহিনী সর্বাত্মক সফলকাম হবেন বলে বিডিআর কর্মকর্তারা জানান।

সরকারি সূত্র জানায়, মিয়ানমারের বিদ্রোহীরা ৯০ সালের আগেই গোপনে এসব অবৈধ অস্ত্র-শস্ত্র পাহাড়ের নানা স্থানে মজুদ করে রাখে এবং সেসব অস্ত্রই বিশেষ অভিযানে উদ্ধার করা হচ্ছে । এখনও সেনা ও বিডিআরের এই অভিযান অব্যাহত রয়েছে।